গাজীপুরে অটোরিকশা চালককে গলাকেটে হত্যা
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
গাজীপুর মহানগরের গাছা থানাধীন উজারপাড়া মহরের বাড়ি এলাকায় এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ মে) রাতে ঘটনাটি ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম মো. শুভ (১৬)। তিনি নেত্রকোণার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ জানান, গাজীপুর মহানগরের শরিফপুর এলাকায় বাসা ভাড়া থেকে অটোরিকশা চালাতেন শুভ। সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরে নগরীর উজারপাড়া এলাকায় তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে অটোরিকশা নিয়ে যায়।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রেজাউল/মাসুদ