ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হান্টাভাইরাস আক্রান্ত জাহাজ থেকে শেষ যাত্রীদের উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ১২ মে ২০২৬   আপডেট: ১০:৫২, ১২ মে ২০২৬
হান্টাভাইরাস আক্রান্ত জাহাজ থেকে শেষ যাত্রীদের উদ্ধার

প্রাণঘাতী হান্টাভাইরাস প্রাদুর্ভাবের কবলে পড়া পর্যটকবাহী জাহাজ ‘এমভি হোন্ডিয়াস’ থেকে শেষ দফার উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। সোমবার (১১ মে) যাত্রী ও ক্রু সদস্যদের নিয়ে সর্বশেষ দুটি উদ্ধারকারী বিমান নেদারল্যান্ডসে অবতরণ করেছে। এদিকে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো এক যাত্রীর শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, স্পেনের কানারি দ্বীপপুঞ্জে আটকে পড়া জাহাজটি থেকে শেষ দফায় ২৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৬ জন যাত্রী ও ১৯ জন ক্রু সদস্য রয়েছেন। উদ্ধারকৃত যাত্রীদের মধ্যে ৪ জন অস্ট্রেলীয়, বাকিরা নিউজিল্যান্ড ও ব্রিটিশ নাগরিক। নিজ দেশে ফেরত পাঠানোর আগে তাদের আইন্দহোভেন বিমানঘাঁটির কাছে একিট বিশেষ কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।

এই অভিযানের মাধ্যমে মোট ৯৪ জন ব্যক্তিকে উদ্ধার করে ২০টি দেশে ফেরত পাঠানো হলো, যেখানে তারা কোয়ারেন্টাইনে থাকবেন। এমভি হোন্ডিয়াস দক্ষিণ আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করার ৪১ দিন পর এবং জাহাজে প্রথম পজিটিভ কেস শনাক্ত হওয়ার নয় দিন পর এই জটিল উদ্ধার অভিযান শেষ হলো।

জাহাজটিতে হান্টাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত একজন জার্মান নাগরিক ও এক ডাচ দম্পতিসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আক্রান্তরা ‘আন্দিজ ভাইরাস’ নামক হান্টাভাইরাসের একটি বিশেষ ধরনে আক্রান্ত। সাধারণত ইঁদুরের মাধ্যমে ছড়ালেও, এই নির্দিষ্ট ধরনটি মানুষ থেকে মানুষে ছড়াতে সক্ষম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধারণা করছে, ১ এপ্রিল আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করার আগেই প্রথম ব্যক্তি সংক্রমিত হয়েছিলেন ও পরবর্তীতে জাহাজের ভেতর তা ছড়িয়ে পড়ে।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জাহাজ থেকে ফেরত আসা ১৮ জন মার্কিনির মধ্যে একজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বর্তমানে তাকে নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে মার্কিন স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র জনগণকে আশ্বস্ত করে বলেছেন, “পরিস্থিতি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

একই সুর শোনা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠেও। প্রশাসনের পদক্ষেপ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো বিষয়টি খুবই দক্ষতার সঙ্গে মোকাবিলা করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস তেনেরাইফ এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, “এটি কোনোভাবেই কোভিডের মতো মহামারি নয়। এই ভাইরাসের ঝুঁকি অনেক কম। তাই ভয়ের কোনো কারণ নেই।” তবে সতর্কতা হিসেবে তিনি সব যাত্রীকে ৪২ দিনের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন।

বর্তমানে ‘এমভি হোন্ডিয়াস’ তেনেরাইফ থেকে নেদারল্যান্ডসের রোটারডাম বন্দরের দিকে যাত্রা করছে। সেখানে জাহাজটিকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হবে। বর্তমানে জাহাজটিতে ২৫ জন ক্রু ও ২ জন চিকিৎসক রয়েছেন। এছাড়া সমুদ্রযাত্রায় প্রাণ হারানো এক জার্মান যাত্রীর মরদেহও জাহাজটিতে রয়েছে।

জাহাজের ক্যাপ্টেন ইয়ান ডোব্রোগোস্কি এক ভিডিও বার্তায় চরম সংকটের মুহূর্তে ক্রু ও যাত্রীদের অসীম সাহস ও ধৈর্য প্রদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়