ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে ২ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ১২ মে ২০২৬   আপডেট: ০৯:৩৮, ১২ মে ২০২৬
চাঁদপুরে ২ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ফটো

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে (শনিবার) চাঁদপুর সফর করবেন। দিনব্যাপী এই সফরে তিনি দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন। 

সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

সরকারি এই সফরসূচি অনুযায়ী, আগামী শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। পথে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে।

বেলা ১২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ ‘খোদ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।

চাঁদপুর সার্কিট হাউসে কিছুক্ষণ যাত্রাবিরতির পর বিকেল ৩টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় তার অংশগ্রহণের কথা রয়েছে।

সফর শেষে ওইদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন এবং রাত ৯টা ৩০ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চাঁদপুর ও কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত থাকবেন। এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকা/অমরেশ/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়