ঢাকা     সোমবার   ১১ মে ২০২৬ ||  বৈশাখ ২৮ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১১ মে ২০২৬   আপডেট: ১০:৪৭, ১১ মে ২০২৬
মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

শাকুল সাংমা

​ময়মনসিংহের হালুয়াঘাটে ১১ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে শাকুল সাংমা (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১০ মে) বিকেলে উপজেলার জুগলী ইউনিয়নের ছাতুগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

সোমবার (১১ মে) সকালে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার শাকুল একই এলাকার মতিন মারাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুটি বাড়ির পাশে খেলছিল। শাকুল সাংমা ফুসলিয়ে বাড়ি থেকে অদূরে একটি জঙ্গলে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় চৌকিদার বক্তার মিয়াসহ আশেপাশের লোকজন দেখে ফেলায় শাকুল সাংমা দৌঁড়ে পালিয়ে যায়। শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সে তার বাবা-মাকে নির্যাতনের কথা জানায়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয়। গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি থানায় জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে শাকুল সাংমাকে গ্রেপ্তার করে।

স্থানীয়দের দাবি, গ্রেপ্তারকৃত শাকুল সাংমার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে এলাকার নারীদের শ্লীলতাহানি ও উত্যক্ত করার অভিযোগ রয়েছে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “নির্যাতনের শিকার শিশুর পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অভিযুক্তকে সোমবার আদালতে পাঠানো হবে।”

ঢাকা/মিলন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়