মার্কিন প্রস্তাবের জবাব পাঠিয়েছে ইরান
যুদ্ধ অবসানের জন্য মার্কিন প্রস্তাবের জবাব পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছে ইরান। রবিবার (১০ মে) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে।
বিস্তারিত কিছু না জানিয়ে সংবাদ সংস্থাটি বলেছে, “ইসলামিক প্রজাতন্ত্র ইরান আজ পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সর্বশেষ খসড়ার জবাব পাঠিয়েছে।”
যুদ্ধ বন্ধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে গত মাসে যে প্রস্তাবটি পাঠিয়েছিল তেহরান তা প্রত্যাখ্যান করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র নতুন একটি প্রস্তাব ইরানের কাছে পাঠিয়েছিল। চলতি সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এক প্রতিবেদনে জানিয়েছিল, দুই দেশ যুদ্ধ বন্ধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার লক্ষ্যে একটি ১৪ দফার সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছেছে। তবে তেহরান ও ওয়াশিংটন সমঝোতার বিষয়টি অস্বীকার করেছিল।
ঢাকা/শাহেদ