জুয়া খেলা নিয়ে বাবার সঙ্গে দ্বন্দ্বের জেরে শিশুকে হত্যা
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আন্দালিব সাদমান ওরফে রাফি
ময়মনসিংহের মক্তাগাছায় বাবার সঙ্গে অনলাইন জুয়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে আন্দালিব সাদমান ওরফে রাফি নামে নয় বছর বয়সী এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে। পরে তার লাশ বস্তায় ভরে লুকিয়ে রাখা হয়েছে।
এর আগে পুলিশ নূর মুহাম্মদ খোকন (২০) নামের এক যুবককে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শনিবার (৯ মে) দুপুরে খোকনের বাড়ির একটি স্যানিটারি ল্যাট্রিনের রিং স্ল্যাবের ভেতর থেকে ওই শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে।
নিহত শিশু মক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের জমিনপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সে মুক্তাগাছা শহরের রেসিডেন্সিয়াল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশুটির বাবা জহিরুল ইসলাম বিভিন্ন সময় জুয়া খেলায় বাধা দিতেন। এ নিয়ে তার সঙ্গে খোকনের দ্বন্দ্ব হয়। বাবার প্রতি ক্ষোভ থেকে খোকন শিশুটিক প্রথমে অপহরণ ও পরে হত্যা করে লাশ গুম করে রাখে। পুলিশ খোকনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে শনিবার দুপুরে অভিযানে নামে। পরে খোকনদের বাড়ির ল্যাট্রিনের রিং স্লাবের ভেতর থেকে একটি প্লাস্টিকের বস্তায় বন্দি অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করে।
শিশুর বাবা জহিরুল ইসলাম জানিয়েছেন, তিনি খোকনকে বিভিন্ন সময় জুয়া খেলায় বাধা দিতেন। খোকন একজনের কাছে অনলাইন জুয়া খেলার ১ লাখ টাকা পেতেন। তিনিসহ কয়েকজন মিলে কিছুদিন আগে সেই টাকা উদ্ধার করে দেন। খোকনের প্রতিশ্রুতি মতো সেখান থেকে একটি অংশ তারা নিয়ে নেন। এসব বিষয়ে খোকন ক্ষুব্ধ হয়ে তার ছেলেকে মেরে ফেলেছে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানিয়েছেন, শিশু নিখোঁজ হয়েছে মর্মে শুক্রবার তার বাবা থানায় জিডি করেন। তার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে নূর মুহাম্মদ খোকন (২০) নামে পাশের বাড়ির একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন হত্যার কথা স্বীকার করে। হত্যাকাণ্ডের সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
ঢাকা/মিলন/রফিক
মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ রবিবার