সামুরাই তলোয়ার চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন বিদেশিনী
দুবাইয়ে জন্ম ও বেড়ে ওঠা হলেও অভিনেত্রী এডিন রোজ খ্যাতি কুড়িয়েছেন ভারতীয় সিনেমায় অভিনয় করে। বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৮তম আসরে অংশ নিয়ে প্রথম পরিচিতি লাভ করেন তিনি। পরে তামিল ভাষার ‘লাভ ইনসুরেন্স কোম্পানি’ সিনেমায় রোবট চরিত্রে অভিনয় করে ক্যারিয়ারে নিজের অবস্থান দৃঢ় করেন।
এরই মধ্যে নতুন কয়েকটি সিনেমায় যুক্ত হয়েছেন এডিন রোজ। কয়েক দিন আগে হায়দরাবাদ টাইমসেক সাক্ষাৎকার দেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় ক্যারিয়ার, মার্শাল আর্টের মতো দক্ষতা অর্জন নিয়েও খোলামেলা কথা বলেছেন এডিন।
তেলেগু ইন্ডাস্ট্রির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এডিন রোজ বলেন, “আমি যখন একেবারে নতুন, তখন এখানকার ইন্ডাস্ট্রির মানুষেরা আমার প্রতি খুবই আন্তরিক ছিলেন। আমার প্রথম বড় সুযোগ টলিউড থেকেই এসেছিল; ‘রাবণসুর’ সিনেমার মাধ্যমে এটি হয়েছিল।”
হায়দরাবাদ এডিনের প্রিয় শহর। তার ভাষায়—“আমি যে শহরে জন্মেছি ও বড় হয়েছি, তার পরেই হায়দরাবাদ আমার সবচেয়ে প্রিয় জায়গা। কারণ এখান থেকেই আমার যাত্রা শুরু হয়েছিল। এই শহর আমার কাছে সৌভাগ্যের প্রতীক।”
তেলুগু চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে এডিন রোজ বলেন, “বাইরের একজন মানুষ হলেও এখন এই ইন্ডাস্ট্রির অংশ হয়ে গিয়েছি। আমি মনে করি, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন সেরা সময় পার করছি। ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে টলিউড এখন নেতৃত্ব দিচ্ছে।”
মার্শাল আর্টের অনুরাগী এডিন রোজ। এ বিষয়ে তিনি বলেন, “আমি ১১ বা ১২ বছর বয়সে মার্শাল আর্টের প্রতি আকৃষ্ট হই। সেই সময়ে বাবা-মাকে বলেছিলাম—‘আমি বক্সিং শিখতে চাই।”
বক্সিংয়ের পাশাপাশি সামুরাই তলোয়ার চালানোর প্রশিক্ষণও নিচ্ছেন এডিন। তিনি বলেন, “আমি এখন বক্সিং এবং সামুরাই তলোয়ার চালানোর প্রশিক্ষণ নিচ্ছি। খুব শিগগির এমএমএ এবং কাতানা ট্রেনিংও শুরু করার পরিকল্পনা করেছি। আমার কাছে মার্শাল আর্ট শুধু শারীরিক চ্যালেঞ্জ নয়, এটি মানসিক শান্তিরও একটি মাধ্যম।”
ঢাকা/শান্ত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা