বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম হোম ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে রাশিয়ায় বিদেশি নাগরিকদের পাচারের অভিযোগে নতুন করে একগুচ্ছ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য। সর্বশেষ মঙ্গলবার (৫ মে) প্রকাশিত এই পদক্ষেপে মোট ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। এর মধ্যে রয়েছে একটি বাংলাদেশি ট্রাভেল কোম্পানিও।
যুক্তরাজ্যের ‘বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচার নিষেধাজ্ঞা বিধিমালা, ২০২৫’-এর অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা বাংলাদেশি প্রতিষ্ঠানটি হলো- ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, তারা বিদেশে কাজের সুযোগের প্রলোভন দেখিয়ে লোকজনকে রাশিয়ায় পাঠানোর সঙ্গে জড়িত ছিল।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দিয়ে তাদের ভয়াবহ শোষণের মুখে ঠেলে দিয়েছে।
যুক্তরাজ্যের বৈদেশিক কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের তদন্তে বলা হয়, “ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড অবৈধভাবে মানবপাচারে জড়িত আছে বা ছিল। প্রতিষ্ঠানটি রাশিয়ার পরিষেবা খাতে উচ্চ বেতনের পদের বিজ্ঞাপন দিয়েছিল, কিন্তু বাংলাদেশি নাগরিকরা রাশিয়ায় পৌঁছানোর পর, তাদেরকে জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধের সম্মুখ সারিতে লড়াই করতে বাধ্য করা হয়েছিল।”
নিষেধাজ্ঞার পাশাপাশি ওই প্রতিষ্ঠানের মালিকের যুক্তরাজ্যে থাকা যাবতীয় সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার।
ঢাকা/ফিরোজ
মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ রবিবার