তালাবদ্ধ ঘরে মিলল গার্মেন্টসকর্মীর গলাকাটা মরদেহ
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভাড়া বাসা থেকে বুধবার রাতে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে বর্ষা আক্তার নামে এক গার্মেন্টসকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের মুখ ও পা বাঁধা অবস্থায় ছিল।
বুধবার (৬ মে) রাত পৌনে ১০টার দিকে পূর্ব নিমাইকাশারী মামা-ভাগিনার গলির একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার হয়। নিহত বর্ষা বাগমারা এলাকার মামুন ওরফে রুবেলের স্ত্রী।
নিহতের মা সুলতানা ও বড় বোন স্বপ্না জানান, দুইদিন আগে বর্ষার সঙ্গে তাদের কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পান। তালাবদ্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মামুন খালাসি জানান, তালাবদ্ধ ঘরের ভেতরে থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য ও জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।
ঢাকা/অনিক/মাসুদ
শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা