ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বায়ার্নকে থামিয়ে আবারো ফাইনালে পিএসজি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ৭ মে ২০২৬   আপডেট: ০৯:২৫, ৭ মে ২০২৬
বায়ার্নকে থামিয়ে আবারো ফাইনালে পিএসজি

মিউনিখে আরেকটি ইউরোপীয় মহারণের শেষে হাসি ফুটল প্যারিসে। বুধবার দিবাগত রাতে বায়ার্ন মিউনিখের মাঠে ১-১ গোলে ড্র করেও উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে পিএসজি। দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে থেকে শেষ পর্যন্ত বুদাপেস্টের টিকিট কেটে ফেলেছে লুইস এনরিকের শিষ্যরা।

প্রথম লেগে ৫-৪ গোলের রুদ্ধশ্বাস জয়ের পর দ্বিতীয় লেগেও আক্রমণাত্মক শুরু করে ফরাসি জায়ান্টরা। ম্যাচের মাত্র ৩ মিনিটেই এগিয়ে যায় তারা। বাঁ দিক দিয়ে দুরন্ত গতিতে উঠে আসা খভিচা কাভারাতস্কেলিয়া বক্সে থাকা উসমান দেম্বেলের দিকে বল বাড়ান। কোনো ভুল না করে জোরালো শটে জাল কাঁপান ফরাসি ফরোয়ার্ড।

আরো পড়ুন:

শুরুর সেই গোলেই যেন দুই লেগের ব্যবধান আরও কঠিন হয়ে যায় বায়ার্নের জন্য। তবে জার্মান ক্লাবটি হাল ছাড়েনি। মাঝমাঠ ও আক্রমণে চাপ বাড়ালেও আগের ম্যাচের মতো ধারালো হয়ে উঠতে পারেনি তারা।

প্রথমার্ধের মাঝামাঝি সময় পেনাল্টির জোরালো দাবি তোলে বায়ার্ন। গোলরক্ষক মাতভেই সাফোনভের দুর্বল পাঞ্চের পর ভিতিনিয়ার ক্লিয়ারেন্স গিয়ে লাগে সতীর্থ জোয়াও নেভেসের হাতে। যদিও বলটি সতীর্থের পা থেকেই আসায় হ্যান্ডবলের সিদ্ধান্ত দেননি রেফারি। এতে ক্ষোভে ফেটে পড়ে স্বাগতিক শিবির।

এরপর পিএসজির দ্বিতীয় গোল ঠেকাতে একের পর এক অবিশ্বাস্য সেভ করেন মানুয়েল নয়্যার। নেভেসের হেড, দেজিরে দুয়ের শট, কাভারাতস্কেলিয়ার প্রচেষ্টা; সবকিছুই আটকে দেন অভিজ্ঞ এই জার্মান গোলরক্ষক। না হলে বিরতির আগেই হয়তো ম্যাচ শেষ হয়ে যেতে পারত।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বেশি ছিল পিএসজির। কাভারাতস্কেলিয়া একবার পুরো রক্ষণ ভেঙে একা গোলের সামনে চলে গিয়েও সুযোগ নষ্ট করেন। অন্যদিকে বায়ার্নের হয়ে লুইস দিয়াসের শট দারুণভাবে ঠেকিয়ে দেন সাফোনভ।

ম্যাচ যখন প্রায় শেষ, তখন অতিরিক্ত সময়ের ৪র্থ মিনিটে হ্যারি কেইনের গোলে কিছুটা উত্তেজনা ফেরে। বক্সের ভেতরে জায়গা পেয়ে শক্ত শটে গোল করেন ইংল্যান্ড অধিনায়ক। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আরেকটি নাটকীয় প্রত্যাবর্তনের স্বপ্ন পূরণ হয়নি বায়ার্নের।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠে পিএসজি শিবির। টানা চাপ, দারুণ আক্রমণ আর ঠান্ডা মাথার ফুটবলে শেষ পর্যন্ত ফাইনালের মঞ্চে জায়গা করে নিল ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।

এবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। ৩০ মে বুদাপেস্টে ইউরোপসেরার মুকুটের জন্য মুখোমুখি হবে দুই দল।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়