পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যার অভিযোগ
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মারা যাওয়া শিশু রামিম।
নরসিংদীর পলাশ উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুর পায়ুপথে উচ্চগতিতে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) উপজেলার গজারিয়া বাজারের একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে ঘটনাটি ঘটে। অভিযুক্ত সবুজ মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
মারা যাওয়া শিশুর নাম রামিম। সে একই উপজেলার গজারিয়া চরকারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৯টার দিকে রামিম তার দাদা আমজাদ হোসেনের দোকানে যায়। একপর্যায়ে সে বাজারের ফয়সাল মিয়ার মালিকানাধীন একটি অটোরিকশা গ্যারেজে যায়। সেখানে একই গ্রামের লোকমান মিয়ার ছেলে ও রিকশাচালক সবুজ মিয়া ‘দুষ্টামির ছলে’ রিকশার চাকার হাওয়া দেওয়ার মেশিন দিয়ে রামিমের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে।
এতে শিশুটির পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং যন্ত্রণায় সে মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে স্থানীয়রা রামিমকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বিকেলে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফাার্ড করা হয়। রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যায় রামিম।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত সবুজ মিয়াকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”
ঢাকা/হৃদয়/মাসুদ
শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা