ঢাকা টেস্টে নেই বাবর
বাবর আজম
দুর্দান্ত ফর্মে থাকা বাবর আজমকে নিয়ে বড় স্বপ্ন দেখা শুরু করেছিল পাকিস্তান। ঢাকায় পৌঁছে বাবর প্রথমদিন (বুধবার) ঠিকঠাক অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজ থেকে শুরু হওয়া প্রথম টেস্টে খেলতে পারবেন না বাবর।
গতকাল (বৃহস্পতিবার) শেষ দিনের অনুশীলনে চনমনে ছিলেন না বাবর। অস্বস্তি অনুভব করায় বাবর অনুশীলন শেষ না করেই উঠে যান। মাঠ ছেড়ে যান স্ক্যান করানোর জন্য। সেই স্ক্যানই দুঃসংবাদ বয়ে এনেছে তার জন্য ও দলের জন্য। বাঁ হাঁটুর চোটের কারণে বাবর ছিটকে গেছেন টেস্ট থেকে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার রাতে বিবৃতিতে জানায়, বাঁ হাঁটুর চোটের কারণে এই টেস্টে খেলতে পারছেন না বাবর। দলের মেডিকেল বিভাগ তার অবস্থা পর্যবেক্ষণে রাখবে এবং যথাসময়ে পরবর্তী অবস্থা জানানো হবে।
পিএসএল দারুণ কেটেছে বাবরের। পেশোয়ার জালমির অধিনায়ক হয়ে জিতেছেন শিরোপা। সঙ্গে দুই সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরিতে ১১ ম্যাচে ৫৮৮ রান করেছেন। গড় ছিল ৭৩.৫০। বাংলাদেশের বিপক্ষে টেস্টে তার রেকর্ড একেবারে খারাপ নয়। ৮ ইনিংসে ৩০৬ রান করেছেন ৪৩.৭১ গড়ে। ১টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি রয়েছে।
যে ফর্ম নিয়ে বাংলাদেশে এসেছেন বাবর তা ছিল ভয়ের কারণ। অপ্রত্যাশিত চোটে তাকে বাইরে থাকতে হচ্ছে।
ঢাকা/ইয়াসিন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা