ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের বিশেষ সুবিধার সময় বাড়ল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ৭ মে ২০২৬  
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের বিশেষ সুবিধার সময় বাড়ল

খেলাপিঋণ পুনঃতফসিলে সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যবসায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঘুরে দাঁড়ানোর জন্য বিশেষ সুবিধার মেয়াদ বাড়ান হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত ঋণ পুনর্গঠন ও বিশেষ সুবিধার জন্য আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।  ২০২৫ সালে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য যে নীতি সহায়তা চালু করা হয়েছিল, তার বাস্তবায়ন নিশ্চিত করতে নতুন কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব ঋণগ্রহীতা আগে এ সুবিধা নিয়েছেন অথবা ‘ব্যবসা ও আর্থিক ব্যবস্থাদি পুনর্গঠনের লক্ষ্যে গঠিত নীতি সহায়তা সংক্রান্ত বাছাই কমিটি’ থেকে সহায়তা পেয়েছেন, তারা পুনরায় আবেদন করতে পারবেন না।

যেসব ঋণ এখনো খেলাপি হয়নি বা নিয়মিত অবস্থায় আছে, সেগুলোকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বিশেষ সুবিধার মাধ্যমে নতুনভাবে পুনর্গঠন করা যাবে। আর যেসব ঋণ ইতোমধ্যে খারাপ বা খেলাপি (বিরূপমানে শ্রেণিকৃত) হয়েছে, সেগুলোকে গত ৩১ মার্চ পর্যন্ত বিশেষ শর্তে আবার কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হবে অর্থাৎ ওইসব ঋণ বিশেষ পুনঃতফসিল সুবিধা পাবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নতুন আবেদন পাওয়ার পর সর্বোচ্চ তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে তা নিষ্পত্তি করতে হবে। তবে ডাউন পেমেন্টের চেক বা অন্য কোনো অর্থপ্রদানের মাধ্যম নগদায়নের পর থেকেই এই তিন মাস গণনা শুরু হবে। ডাউন পেমেন্ট আদায়ের আগে কোনো আবেদন কার্যকর করা যাবে না।

সার্কুলারে বিশেষ এক্সিট সুবিধাপ্রাপ্ত ঋণ হিসাব নিয়ে নতুন নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, এ ধরনের ঋণ ‘এক্সিট’ মানে প্রদর্শন করতে হবে এবং নিয়ম অনুযায়ী সাধারণ প্রভিশন সংরক্ষণ করতে হবে। প্রকৃত অর্থ আদায় ছাড়া আগে সংরক্ষিত স্পেসিফিক প্রভিশন আয় হিসেবে দেখানো যাবে না। এছাড়া, পুরো ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত বিশেষ এক্সিট সুবিধাপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠানকে বিদ্যমান ঋণের বাইরে নতুন ঋণ সুবিধা দেওয়া যাবে না বলেও নির্দেশনায় বলা হয়েছে।

একই সঙ্গে ২০২৫ সালের বিআরপিডি সার্কুলার নং-০৭ এর একটি নির্দেশনা বাতিল করা হয়েছে। তবে আগের সার্কুলার ও সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
 

ঢাকা/নাজমুল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়