বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, আর মুখ্যমন্ত্রী নন মমতা
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
মমতা বন্দোপাধ্যায়।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আরএন রবি। এর মধ্য দিয়ে মমতা বন্দোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটল।
২০১১ সালে তিনি প্রথমবার মুখ্যমন্ত্রী হন। এরপর টানা তিনবার এ দায়িত্ব পালন করেছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৭ মে) পূর্ববর্তী বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আর এন রবি।
এক বিবৃতিতে তিনি বলেন, “ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপ-ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।”
গত ৪ মে পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল প্রকাশ করা হয়। এতে ২০০ এর বেশি আসনে জয় পায় বিজেপি। এর ফলে রাজ্যটিতে প্রথমবারের মতো সরকার গঠনের সুযোগ পায় দলটি।
তবে প্রথা অনুযায়ী মমতা বন্দোপাধ্যায় রাজভবনে গিয়ে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। এতে করে সেখানে সাংবিধানিক সংকট তৈরির শঙ্কা তৈরি হয়। তবে এর আগেই বৃহস্পতিবার (৭ মে) রাজ্যপাল মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। এখন নতুন মন্ত্রিসভা নির্বাচিত হবে এবং নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অন্য কাউকে নির্বাচন করা হবে।
এদিকে সরকার গঠনের আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে হত্যার ঘটনায় থমথমে ভারতের পশ্চিমবঙ্গ। এরই মধ্যে হত্যায় জড়িত সন্দেহে তিন জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের পাশাপাশি বাড়ি-ঘর ভাঙচুরের খবরও পাওয়া গেছে।
বুধবার (৬ মে) স্থানীয় সময় রাতে কলকাতা থেকে ফেরার পথে মধ্যমগ্রামের দোহারিয়ায় শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীর গাড়ি লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই নিহত হন চন্দ্রনাথ রথ। গুলিবিদ্ধ হন চালক বুদ্ধদেব বেড়া।
ঢাকা/সুচরিতা/সাইফ
বগুড়া সিটি করপোরেশন হচ্ছে, দেশে নতুন ৫ উপজেলার অনুমোদন