ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কালবৈশাখীতে বিদ্যুৎহীন শ্রীপুরের তিন গ্রাম  

গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ৭ মে ২০২৬   আপডেট: ১৯:৪৮, ৭ মে ২০২৬
কালবৈশাখীতে বিদ্যুৎহীন শ্রীপুরের তিন গ্রাম  

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৃহস্পতিবার সকালে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৃহস্পতিবার (৭ মে) সকালে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে অন্তত তিনটি গ্রাম। ঝড়ের তীব্রতায় ঘর-বাড়ি, গাছ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর, জাহাঙ্গীরপুর ও ধামলই গ্রামে সবচেয়ে বেশি ক্ষতির খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ঝড়টি ছিল অত্যন্ত প্রবল। ঝড়ো বাতাসে মুহূর্তের মধ্যে বহু গাছ উপড়ে পড়েছে। কোথাও টিনের চালা উড়ে গেছে, কোথাও গাছচাপায় ঘরের দেয়াল ভেঙে পড়েছে। কয়েকটি স্থানে গবাদিপশুও আহত হয়েছে।

গ্রামের বিভিন্ন সড়ক ও উঠোনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ভাঙা গাছের ডাল। মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠজুড়ে পাকা বোরো ধান মাটিতে নুয়ে পড়েছে। সবজিক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হয়দেবপুর গ্রামের বাসিন্দা নান্নু মণ্ডল বলেছেন, “হঠাৎ করেই দমকা হাওয়া শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই বাড়ির ওপর গাছ ভেঙে পড়ে। গ্রামের অনেক পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।”

জাহাঙ্গীরপুর গ্রামের কৃষক আব্দুল বারেক জানান, ঝড়ের গতি এতটাই বেশি ছিল যে, গ্রামের অধিকাংশ গাছপালা ভেঙে গেছে। ঝড়ের সময় আতঙ্কে নারী ও শিশুরা কান্নাকাটি শুরু করে।

ঝড়ে সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। স্থানীয়দের দাবি, শতাধিক স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে আছে। এতে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

হয়দেবপুর গ্রামের শহিদুল্লাহ খান বলেন, “বৈদ্যুতিক খুঁটি ও তারের ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত মেরামত সম্ভব না হলে দীর্ঘ সময় বিদ্যুৎ ছাড়া থাকতে হবে।”

কাওরাইদ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মো. আনিছুর রহমান জানিয়েছেন, কালবৈশাখী ঝড়ের কারণে বহু স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। অনেক জায়গায় গাছ ভেঙে লাইনের ওপর পড়ে থাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে সময় লাগবে।

উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেছেন, ঝড়ে বোরো ধান ও শাক-সবজির ক্ষেতের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ভূঁইয়া জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা/রফিক সরকার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়