জাতীয়তা যাচাইয়ের জন্য বাংলাদেশের সহযোগিতা চায় ভারত: জয়সওয়াল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার বলেছেন, পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দেওয়া বক্তব্যকে ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের প্রেক্ষাপটে দেখা উচিত।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেন, তাদের কাছে পাঠানো বেশ কয়েকটি মামলার জাতীয়তা যাচাইয়ের জন্য ভারতের বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন।
জয়সওয়াল বলেন, “আমরা গত কয়েকদিন ধরে এই ধরনের মন্তব্য হতে দেখছি। এই মন্তব্যগুলোকে ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের মূল বিষয়ের প্রেক্ষাপটে দেখতে হবে। এর জন্য স্পষ্টতই বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশে জাতীয়তা যাচাইয়ের ২ হাজার ৮৬০টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে। আমাদের নীতি হলো, দেশে অবৈধভাবে থাকা যেকোনো বিদেশি নাগরিককে আইন, পদ্ধতি এবং প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা ও প্রক্রিয়া অনুযায়ী প্রত্যাবাসন করতে হবে। আমরা আশা করি, বাংলাদেশ জাতীয়তা যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবে, যাতে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন নির্বিঘ্নে হতে পারে।”
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছিলেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর যদি কোনো পুশব্যাক হয়, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/শাহেদ
১২ মে থেকে দোকানপাট খোলা রাত ১০টা পর্যন্ত: দোকান মালিক সমিতি