তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন দেব?
দেব
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে ক্ষমতা পরিবর্তনের হাওয়া বইছে। মমতার তৃণমূলের ঘাটিতে ফুটেছে নরেন্দ্র মোদির বিজেপির পদ্মফুল। পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় উঠার পর টলিপাড়ার তারকা অভিনয়শিল্পীরা নানা মত ব্যক্ত করছেন।
বিধানসভা নির্বাচনের আগে খবর ছড়ায়, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য, অভিনেতা দেব নিজের দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। নির্বাচনের আগেই তাকে ডাকা হয়েছিল। কিন্তু জল কোন দিকে গড়ায়, তা বুঝতেই সেই ডাকে সাড়া দেননি দেব।
নির্বাচনের আগে বিষয়টি নিয়ে চর্চা হলেও নীরব ছিলেন দেব। নির্বাচনের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিবর্তন এসেছে। এ পরিস্থিতিতে দল পরিবর্তনের ব্যাপারে নীরবতা ভাঙলেন এই তারকা রাজনীতিবিদ।
জনসংযোগে বক্তব্য রাখছেন দেব
ভারতীয় একটি গণমাধ্যমে দেব বলেন, “এ সব কথা কারা ছড়ায়? মনে হয়, দেব এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী? রাজনীতি না করলে জীবনধারণ করতে পারব না, এ রকম অবস্থা তো আমার হয়নি! আমি তো রাজনীতি করতেই চাইনি। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে রাজনীতিতে এসেছি। ফলে, রাজনীতি না করলে আমার দিন চলবে না, এ রকম যারা ভাবছেন, তারা ভুল।”
পশ্চিমবঙ্গে রাজনীতির পটপরিবর্তনকে স্বাগত জানিয়েছেন দেব। পাশাপাশি টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে দেব বলেন, “ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না। প্রযোজকদের উপরে নিয়মের বোঝা চাপাতে পারবে না। সুষ্ঠুভাবে কাজ হবে। কাজের পরিমাণ বাড়বে। বাইরে থেকেও কাজ আসবে। যদি না তৃণমূল কংগ্রেসের করা ভুলগুলোর পুনরাবৃত্তি না ঘটে। ইন্ডাস্ট্রিকে বুঝে তার পাশে দাঁড়ালে বেঁচে যাবে বাংলা সিনেমার দুনিয়া।”
জনসংযোগে দেব
পরবর্তী ফেডারেশন সভাপতি কি দেব হবেন? এমন প্রশ্নের জবাবে এই নায়ক বলেন, “রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না। আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই। এটাই বরাবর করে এসেছি।”
খানিকটা ব্যাখ্যা করে দেব বলেন, “বরাবরই ইন্ডাস্ট্রির মঙ্গল চেয়েছি। ইন্ডাস্ট্রির মঙ্গল করার চেষ্টা করেছি। নির্বাচনের অনেক আগে থেকে আমার লড়াই শুরু। ভালো লাগছে, সেই লড়াই অবশেষে সফল হলো। যে বা যারা ইন্ডাস্ট্রির ভালো চাইবেন, নেপথ্যে থেকে আমি সবসময় তাদের পাশে থাক।”
নির্বাচনি প্রচারে দেব
বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন দেবের একটি পোষ্য মারা যায়। এতে দারুণ আহত হন তিনি। আবার তার দল তৃণমূল কংগ্রেস নির্বাচনে ভরাডুবি হয়। একসঙ্গে দুটো ধাক্কা কিছুটা হলেও সামলে উঠেছেন দেব। তার ভাষায়—“দেখুন, অনেক কিছু মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, আমিও সেটাই করছি।”
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন দেব। ২০১৪ সালে তৃণমূলের টিকিট নিয়ে ঘাটাল আসন থেকে লোকসভা নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন তিনি। ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একই আসন থেকে তৃণমূলের টিকিট নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন দেব। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের শুরু থেকে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করেছেন এই তারকা। যদিও তার দলের শেষ রক্ষা হয়নি।
সিনেমার প্রচারে দেব
২০০৬ সালে ‘অগ্নিশপথ’ সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখেন দেব। তারপর অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো—চাঁদের পাহাড়, পাগলু, পরাণ যায় জ্বলিয়া রে, চ্যালেঞ্জ, বুনো হাঁস, যোদ্ধা, আরশীনগর, আই লাভ ইউ, মন মানে না প্রভৃতি।
ঢাকা/শান্ত
মমেকে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু