ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাককানইবিতে আইন বিভাগে নবীনবরণ ও বিদায়ীদের সংবর্ধনা

জাককানইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ৬ মে ২০২৬  
জাককানইবিতে আইন বিভাগে নবীনবরণ ও বিদায়ীদের সংবর্ধনা

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আইন ও বিচার বিভাগের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগের সপ্তম, অষ্টম, নবম ও দশম ব্যাচের শিক্ষার্থীদের নবীন হিসেবে বরণ করা হয় এবং পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় জানানো হয়।

বুধবার (৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।

আরো পড়ুন:

বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামানের (নিউটন) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “তোমরা সাধারণ মানুষের তুলনায় বেশি মেধাবী ও জ্ঞানী। তাই তোমাদের দায়িত্বও অনেক বেশি। দেশের বিভিন্ন জায়গায় তোমাদের বিভাগের সাবেক শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, তোমরাও দক্ষতা দিয়ে ভালো জায়গায় পৌঁছাবে বলে বিশ্বাস করি। তবে পেশাগত সাফল্যের পাশাপাশি মানবিক হওয়াটাও জরুরি। শুধু পারিশ্রমিক নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। বিশেষ করে দরিদ্র মানুষের জন্য আইনি সহায়তা সহজলভ্য করা এবং তাদের সচেতন করা তোমাদের দায়িত্ব।”

তিনি আরো বলেন, “জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই। নিয়মিত পড়াশোনার মাধ্যমেই তোমরা ভালো আইনজ্ঞ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।”

নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে খাদিজা আক্তার পুতুল বলেন, “নতুন পরিবেশ, নতুন মানুষ, সবকিছুই আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। শুরুতে অচেনা লাগলেও সিনিয়র ও শিক্ষকদের আন্তরিকতা আমাদের সাহস জোগাচ্ছে। তাদের সহযোগিতা নিয়েই আমরা আমাদের স্বপ্নপথে এগিয়ে যেতে চাই।”

বিদায়ী শিক্ষার্থীদের প্রতিনিধি গোলাম কিবরিয়া বলেন, “এই ছয় বছরে আমরা শুধু পড়াশোনা করিনি, যেন একটি পূর্ণ জীবন পার করেছি। হতাশার সময় শিক্ষকদের দিকনির্দেশনা আমাদের নতুন পথ দেখিয়েছে। আমাদের ব্যাচের দু’জন ইতোমধ্যে বিজেএস লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে, এটি আমাদের জন্য গর্বের বিষয়। এই যাত্রায় আমরা বুঝতে পেরেছি, একজন আইনজীবীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। করোনাকালের চ্যালেঞ্জও আমাদের আরো দৃঢ় করেছে। এখন আমাদের দায়িত্ব, নিজেদের দক্ষ করে গড়ে তুলে দেশের কল্যাণে কাজ করা।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মো. আহসান কবির। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. মনির আলম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী অধ্যাপক ও বিভাগের ছাত্র উপদেষ্টা অরিন্দম বিশ্বাস।

আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। একই দিন সন্ধ্যায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ঢাকা/রুবেল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়