নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত তন্ময় চন্দ্র।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বেপরোয়াগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। দীপ দেবনাথ (১৬) নামে এক পরীক্ষার্থী আহত হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে চৌমুহনী চৌরাস্তা-মাইজদী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ কৃষি ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তন্ময় চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুরিপাড়া এলাকার কার্তিক চন্দ্রের ছেলে এবং স্থানীয় ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, আহত শিক্ষার্থী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্র জানায়, তন্ময় তার বন্ধু দ্বীপের সঙ্গে দেখা করতে কৃষি ইনস্টিটিউটের সামনে আসে। দুপুরে চৌমুহনী চৌরাস্তা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ চরমে পৌঁছায়।
ঢাকা/সুজন/বকুল
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী