ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কেরানীগঞ্জে জাল টাকা তৈরির কারখানা, গ্রেপ্তার ২

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ৫ মে ২০২৬  
কেরানীগঞ্জে জাল টাকা তৈরির কারখানা, গ্রেপ্তার ২

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাট টার্গেট করে আবারও সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা কারবারি চক্র। ঢাকার কেরানীগঞ্জে এমন একটি চক্রের সন্ধান পেয়ে অভিযান চালিয়ে জাল টাকাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৫ মে) দুপুরে ঢাকা জেলা দক্ষিণ ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন মো. কাউসার (৫০) ও মো. কামাল হোসেন (৫১)।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঈদকে সামনে রেখে জাল টাকা চক্র সক্রিয় হয়ে উঠেছে এবং পশুর হাটকে কেন্দ্র করে তারা বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

ডিবির অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এসআই ইয়াকুব আলীসহ একটি টিম ভাংনা মুজিবনগর এলাকায় কামাল হোসেনের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় অভিযান চালায়। এ সময় জাল টাকা তৈরির মূল হোতা কাউসারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির মালিক কামাল হোসেনকেও আটক করা হয়।

অভিযানে কাউসারের কাছ থেকে ৬ লাখ এবং কামালের কাছ থেকে ২ লাখ টাকাসহ মোট ৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টার, বিশেষ কাগজ, কালি, হ্যান্ড সিলার, ডাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত কাউসার দীর্ঘ ২৫ বছর ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়ে সে কারাভোগ করেছে এবং তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় জাল টাকা সংক্রান্ত ৭টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা/শিপন//

সর্বশেষ

পাঠকপ্রিয়