চাঁপাইনবাবগঞ্জে ৪৪৮ বিঘা ধানের ক্ষেত প্লাবিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জে ৪৪৮ বিঘা জমির আধাপাকা ধান পানিতে নিমজ্জিত হয়েছে।
ভারত থেকে নেমে আসা উজানের ঢলে আন্তঃসীমান্ত নদী পুনর্ভবার পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোরো ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। দুই দিন ধরে নদীর পানি বাড়তে থাকায় উপজেলার রাধানগর ইউনিয়নের বিল কুজইনসহ বিভিন্ন নিচু এলাকার ৪৪৮ বিঘা জমির আধাপাকা ধান নিমজ্জিত হয়েছে।
সরেজমিন দেখা যায়, যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। মাঝে-মধ্যে পানির ওপর দিয়ে ধানের শীষ মাথা তুলে বাঁচার শেষ চেষ্টা করছে। কৃষক জানান, ধানকাটা শ্রমিক সংকটের মধ্যে প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা ক্ষতির আশঙ্কা করছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক ওসমান আলী বলেন, আর কয়েকটা দিন সময় পেলে ফসল ঘরে আসত, কিন্তু এখন তার সামনে শুধু ঋণের বোঝা আর অনিশ্চয়তা।
স্থানীয় বাসিন্দা মোমিন জানান, পুনর্ভবা নদীর পানি বাড়লেই এই বিল এলাকা প্লাবিত হয়। স্থায়ী ব্রিজের অভাবে পানি ঠিকমতো নামতে পারে না। এলাকাবাসী মনে করেন, নদীর উভয় পাড়ে স্থায়ী বেড়িবাঁধ ও স্লুইসগেটের অভাবে পানি দ্রুত লোকালয়ে ও বিলে প্রবেশ করে।
গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন জানান, পানি দ্রুত নেমে গেলে কিছু ধান রক্ষা করা সম্ভব হবে।
চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী বলেন, গোমস্তাপুরের বিল কুজইন এলাকায় প্রায় দুই হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে ৬০ হেক্টর অর্থাৎ ৪৪৮ বিঘা জমির ধান পানিতে প্লাবিত হয়েছে। ওই এলাকায় ধান কাটা শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী বলেন, কৃষকের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওই এলাকায় দ্রুত একটি সেতু নির্মাণ ও নদী খননের উদ্যোগ নেওয়া হবে।
ঢাকা/শিয়াম/বকুল
প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ