পশ্চিমবঙ্গে কড়া নিরাপত্তায় চলছে ভোট গণনা
পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ভোট গণনা আজ সোমবার। রাজ্যটির ২৯৪ আসনের মধ্যে ২৯৩ আসনের ফলাফল ঘোষিত হবে আজ। এর জন্য ৭৭টি গণনা কেন্দ্র খোলা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গণনা। গণনার শুরুতেই পোস্টাল ব্যালট গোনা হবে, তারপরে শুরু হবে ইভিএম-এর ভোট গণনা।
রাজ্যের মোট ৭৭টি গণনাকেন্দ্রের ৪৫৮টি হলে সোমবার ভোটগণনা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি রাউন্ডের গণনা হবে চুঁচুড়ায়। সেখানে ২৭ রাউন্ড ইভিএম গণনা হবে। সবচেয়ে কম রাউন্ড গণনা রয়েছে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম এবং বীজপুরে। এই তিন আসনেই ১০ রাউন্ড করে গণনা হবে। সোমবারের গণনাপর্বের জন্য মোট ২৯৩ জন গণনা পর্যবেক্ষক থাকছেন। এছাড়া ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক থাকছেন।
কোন দল জিতছে, কারা বসতে চলেছে পশ্চিমবঙ্গের মসনদে- তা সবই স্পষ্ট হবে ভোট গণনার পর। তবে রাজ্যবাসী কার হাতে পশ্চিমবঙ্গের শাসনভার তুলে দিলেন তার একটা প্রাথমিক ধারণা স্থানীয় সময় দুপুর একটার মধ্যেই মিলতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও অতীতের ইতিহাস বলছে, কিছু কিছু কেন্দ্রের গণনা শেষ হতে রাতও গড়িয়ে যেতে পারে।
প্রত্যেকটি গণনা কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। গণনা কেন্দ্রের বাইরে ১০০ মিটার এলাকায় কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। গণনা কক্ষের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। বেশ কয়েক দফায় তল্লাশির পরই গণনা কেন্দ্রে প্রবেশ করা যাবে। গণনা চলাকালীন সময়ে গণনা কেন্দ্রের ভেতরে সিসিটিভি নজরদারি চলবে।
পশ্চিমবঙ্গে এবারে মোট দুইটি দফায় ভোট গ্রহণ পর্ব হয়েছে। প্রথম দফায় নির্বাচন হয়েছে ২৩ এপ্রিল, দ্বিতীয় দফায় নির্বাচন হয় ২৯ এপ্রিল।
প্রথম দফায় যে ভোটগ্রহণ হয়েছিল, তার বেশিরভাগ জেলা বিজেপির ‘শক্ত ঘাঁটি’ বলে পরিচিত। আবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়েছিল তৃণমূলের ‘দুর্গ’ বলে পরিচিত দক্ষিণবঙ্গে। কে কার দুর্গে ফাটল ধরাবে বা আদৌ ধরাতে পারল কি না, আর কিছুক্ষণের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে। ফলাফল নিয়ে অবশ্য দুই শিবিরই ‘আত্মবিশ্বাসী’। দুই শিবিরের তরফেই দাবি এবং পাল্টা দাবি রয়েছে। দ্বিতীয় দফার ভোট শেষ হতেই বিভিন্ন সংস্থা যে বুথফেরত সমীক্ষা প্রকাশ করেছিল, তার বেশিরভাগেই ইঙ্গিত মিলেছিল রাজ্যে ‘পরিবর্তন’ হতে চলেছে। ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। পাল্টা তৃণমূল দাবি করেছে, ২০২১ এবং ২০২৪ সালের ভোটেও বুথফেরত সমীক্ষা মেলেনি। এবারও মিলবে না। সরকারের তারাই আসছে।
তবে এবারের ভোট গণনা নিয়ে শাসক দল তৃণমূল প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে তৈরি হয়েছে স্নায়ুযুদ্ধ। রাজ্যের অন্যতম আসন ভবানীপুরের দিকেই নজর সকলের। একদিকে তৃণমূলের প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গের সঙ্গেই আজ আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরি বিধানসভার নির্বাচনের গণনাও হবে। আসামে ১২৬টি আসনে, কেরালায় ১৪০ আসনে, তামিলনাড়ুতে ২৩৪ আসনে এবং পুদুচেরিতে ৩০ আসনের ফলাফল জানা যাবে আগামীকাল।
পশ্চিমবঙ্গে ২৯৪ আসনের মধ্যে ২৯৩ আসনের ফলাফল আজ ঘোষিত হলেও, বাকি ১টি (ফলতা) আসনের ভোট বাতিল করে আগামী ২১ মে নতুন করে নির্বাচনের ঘোষণা দিয়েছে কমিশন।
ঢাকা/ফিরোজ