ঢাকা     রোববার   ০৩ মে ২০২৬ ||  বৈশাখ ২০ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুল-বিএসজেএ মিডিয়া কাপের উদ্বোধনী দিনে যুগান্তর-ডেইলি স্টারের জয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ৩ মে ২০২৬  
কুল-বিএসজেএ মিডিয়া কাপের উদ্বোধনী দিনে যুগান্তর-ডেইলি স্টারের জয়

প্রতি বছরের ধারাবাহিকতায় আবারও শুরু হয়ে গেল কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। ৩২টি মিডিয়া হাউজের অংশগ্রহণে মতিঝিলস্থ বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে ঐতিহ্যবাহী কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধন হয়েছে রোববার। 

প্রথম দিনের খেলায় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দৈনিক যুগান্তর, এখন টিভি, দীপ্ত টিভি,  বাংলা ভিশন, দৈনিক কালের কণ্ঠ, দ্য ডেইলি স্টার, ক্রিকফ্রেঞ্জি ও এনটিভি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক মাঠে উপস্থিত থেকে কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এসএম সুমন ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি। এছাড়া স্পন্সর প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজের পক্ষ থেকে ছিলেন হেড অব মিডিয়া এন্ড রিসার্চ ফেরদৌসুল ইসলাম ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আদিব বিন শহীদ। 

প্রধান অতিথির বক্তব্যে জনাব আমিনুল হক বলেছেন, "আমি আপনাদেরই একজন। আপনারা হয়তোবা মাঠে বসে লেখার মাধ্যমে আপনাদের কাজ করছেন, আর আমরা এই মাঠে খেলে আপনাদেরকে লেখার সেই সুযোগটি তৈরি করে দিয়েছি। আমাদের বর্তমান সরকারের যে ক্রীড়াঙ্গন নিয়ে যে কর্মপরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার আমি মনে করি আপনারাও আমার সাথে সহযোদ্ধা। আপনারাও আমার সাথে একসাথে কাজ করবেন, আমিও আপনাদের সাথে একসাথে কাজ করব ইনশাআল্লাহ। আমি এই কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।"

দিনের প্রথম ম্যাচে এটিএন নিউজকে ৫-০ গোলে হারিয়েছে এখন টিভি। জোড়া গোলের পাশাপাশি এক অ্যাসিস্ট করে ম্যাচ সেরা হয়েছেন রাকিব আহমেদ। এছাড়া ১টি করে গোল পেয়েছেন আবুল কালাম, আব্দুল কাদের লিওন ও রেজাউল করিম। একই সময়ে হওয়া অন্য ম্যাচে দৈনিক সমকালকে ১-০ গোলে হারিয়েছে দীপ্ত টিভি। জয়সূচক গোল করে ম্যাচ সেরা হন ইমাম হোসেন রাহাত।

ডেইলি অবজারভারের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বাংলাভিশন। ইনামুল হাবিব রুবেল জোড়া গোল করে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। হাড্ডাহাডি লড়াইয়ের পর ১-১ গোলে ড্র থাকে দৈনিক কালের কণ্ঠ ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ম্যাচ। পরে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জয় পায় কালের কণ্ঠ। ম্যাচ সেরা হন তৌকির। 

প্রাণপণ চেষ্টার পরও গোলের ডেডলক ভাঙতে পারেনি দৈনিক যুগান্তর ও বৈশাখী টেলিভিশন। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে পরের রাউন্ডের টিকিট পায় দৈনিক যুগান্তর। ম্যাচ সেরার পুরস্কার জেতেন গোলরক্ষক রিফাত। গোলের দেখা মেলেনি দ্য ডেইলি স্টার ও নিউজ ২৪ ম্যাচেও। টাইব্রেকার ৪-২ ব্যবধানে জয় পায় দ্য ডেইলি স্টার। ম্যাচ সেরা নির্বাচিত হন অর্কিড চাকমা। 

নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকে ক্রিকফ্রেঞ্জি ও নয়া দিগন্তের ম্যাচ। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জেতে ক্রিকফ্রেঞ্জি। ম্যাচ সেরা হন লিখন সরকার। দিনের শেষ ম্যাচে অন্তিম মুহূর্তের গোলে মাছরাঙা টেলিভিশনকে ১-০ গোলে হারায় এনটিভি। জয়সূচক গোলটি করে ম্যাচ সেরা নির্বাচিত হন ফাহাদ মোহাম্মদ।

প্রথম দিনের বিজয়ী ৮ দল পেয়েছে দ্বিতীয় রাউন্ডের টিকিট। মতিঝিলস্থ বাফুফে আর্টিফিশিয়াল টার্ফে সোমবার হবে প্রথম রাউন্ডের বাকি ৮ ম্যাচ।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়