আরো যুদ্ধবিমান কিনছে ইসরায়েল
উন্নত যুদ্ধবিমানের দুটি নতুন স্কোয়াড্রন কেনার পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসরায়েল। কয়েক হাজার কোটি ডলার মূল্যের একটি চুক্তির অধীনে লকহিড মার্টিন এবং বোয়িং থেকে এফ-৩৫ ও এফ-১৫আইএ স্কোয়াড্রন দুটি কেনা হবে বলে রবিবার (৩ মে) ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
ইসরায়েলের ক্রয় সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের কমিটির অনুমোদিত এই চুক্তিটি ইসরায়েলের সামরিক বাহিনীকে শক্তিশালী করার এবং ‘ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি কঠিন দশকের আগে প্রস্তুতি জোরদার করার’ পরিকল্পনার প্রথম পদক্ষেপ বলে মন্ত্রণালয় জানিয়েছে।
এতে আরো বলা হয়েছে, নতুন স্কোয়াড্রনগুলো আঞ্চলিক হুমকি মোকাবিলা এবং ইসরায়েলের কৌশলগত আকাশ শ্রেষ্ঠত্ব বজায় রাখার মাধ্যমে সামরিক বাহিনীর দীর্ঘমেয়াদী শক্তি উন্নয়নের ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করবে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কথা উল্লেখ করে মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম বলেন, “তাৎক্ষণিক যুদ্ধকালীন সরঞ্জাম সংগ্রহের প্রয়োজনের পাশাপাশি, আগামী ১০ বছর এবং তারও পরে আইডিএফ-এর সামরিক শ্রেষ্ঠত্ব সুরক্ষিত করার জন্য এখনই পদক্ষেপ নেওয়ার দায়িত্ব আমাদের রয়েছে।”
তিনি আরো বলেন, ইরানের সাথে সাম্প্রতিক যুদ্ধ “মার্কিন-ইসরায়েল কৌশলগত সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ এবং উন্নত বিমান শক্তি কতটা অপরিহার্য, তা আরো একবার প্রমাণ করেছে।”
এই চুক্তির অধীনে, ইসরায়েল লকহিড মার্টিনের কাছ থেকে চতুর্থ এফ-৩৫ স্কোয়াড্রন এবং বোয়িংয়ের কাছ থেকে দ্বিতীয় এফ-১৫আইএ যুদ্ধবিমানের স্কোয়াড্রন ক্রয় করবে।
ঢাকা/শাহেদ