ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রস্তুত সোমালিল্যান্ড
সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আব্দিররহমান মোহাম্মদ আবদুল্লাহি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু
সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া অঞ্চল সোমালিল্যান্ড কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি রক্ষায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করতে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর বলছে, ইরানকে সমর্থন জানিয়ে ইয়েমেন যদি এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি বন্ধ করে দেয়, তাহলে সোমালিল্যান্ড ইসরায়েলের সঙ্গে সরাসরি সহযোগিতায় যেতে প্রস্তুত।
রবিবার (৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি।
প্রতিবেদনে বলা হয়, সোমালিল্যান্ডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-কে জানান, সামুদ্রিক নিরাপত্তায় যেকোনো ধরনের ব্যাঘাত ঘটলে সোমালিল্যান্ড তেল আবিবের সঙ্গে নিরাপত্তা জোটসহ বিভিন্ন স্তরে সহযোগিতা গড়ে তুলবে। ওই কর্মকর্তা আরো উল্লেখ করেন, সোমালিল্যান্ড বর্তমানে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং ইসরায়েলের সঙ্গেও একই ধরনের অংশীদারিত্ব সম্ভব।
২০২৫ সালের ডিসেম্বরে ইসরায়েল সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়, দেশটি ১৯৯১ সালে সোমালিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করেছিল। তবে সোমালিয়ার কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপকে ‘বেআইনি’ বলে প্রত্যাখ্যান করেছে এবং সোমালিল্যান্ডকে তাদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে। আফ্রিকান বিভিন্ন আঞ্চলিক সংস্থাও ইসরায়েলের এই একতরফা সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের সময় ইয়েমেন সতর্ক করে বলেছিল যে, ওয়াশিংটন ও তেল আবিব যদি লোহিত সাগর ব্যবহার করে তেহরানের ওপর হামলা চালায়, তাহলে তাদের সশস্ত্র বাহিনী সেখানে হস্তক্ষেপ করবে।
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাব আল-মান্দেব প্রণালি বন্ধের বিষয়ে সতর্ক করে বলেছে যে, লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যবর্তী এই সংকীর্ণ সামুদ্রিক পথটি একবার বন্ধ হয়ে গেলে কেউ তা খুলতে পারবে না।
পারস্য উপসাগরের হরমুজ প্রণালির মতো বাব আল-মান্দেব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যার মধ্য দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক হামলা শুরু করার পর, ইরান হরমুজ প্রণালি দিয়ে উভয় দেশের তেল ও গ্যাস ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দিয়েছে।
এর আগে, গাজা উপত্যকায় চালানো গণহত্যার প্রতিবাদে ইয়েমেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিয়েছিল।
ঢাকা/ফিরোজ