ঢাকা     শনিবার   ০২ মে ২০২৬ ||  বৈশাখ ১৯ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মালয়েশিয়ায় খুন হওয়া সেই যুবকের লাশ ফিরল দেশে, শোকের মাতম

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ২ মে ২০২৬   আপডেট: ১৯:১৩, ২ মে ২০২৬
মালয়েশিয়ায় খুন হওয়া সেই যুবকের লাশ ফিরল দেশে, শোকের মাতম

মালয়েশিয়ায় হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহের কালীগঞ্জের প্রবাসী যুবক নজরুল ইসলামের (৩২) লাশ গ্রামের বাড়িতে আনা হয়েছে।  

শুক্রবার (১ মে) দিবাগত রাতে নজরুল ইসলামের মৃতদেহ গ্রামের বাড়ি এসে পৌঁছায়। প্রবাসে হত্যাকাণ্ডের শিকার হওয়ার ১৮ দিন পর মৃতদেহ গ্রামের বাড়ি পৌঁছালে গ্রামজুড়ে বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। এরপর আজ শনিবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরো পড়ুন:

এর আগে শুক্রবার রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ এসে পৌঁছায়। আইনি প্রক্রিয়া শেষ রাত ৪টার দিকে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ সময় লাশ দাফনের জন্য বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিহতের মায়ের নামে ৩৫ হাজার টাকার চেক দেওয়া হয়।

নিহতের স্বজনেরা জানান, মালয়েশিয়ায় ব্যবসায়িক বিরোধের জেরে নজরুল ইসলামকে কুপিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। নজরুল কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের মোতালেব হোসেনের ছেলে। গত ১৪ এপ্রিল রাতে মালয়েশিয়ায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ২০১৮ সালে উন্নত জীবনের আশায় তিনি মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় একটি সমন্বিত খামার গড়ে তুলেছিলেন নজরুল ইসলাম। সেখানে গরু, ছাগল, হাঁস-মুরগির পাশাপাশি বিভিন্ন পোষা প্রাণী লালন-পালন করতেন। তার ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে স্থানীয় অংশীদাররা তাকে হত্যার পরিকল্পনা করে।

নজরুল ইসলামের ভাই জহির উদ্দিন বলেন, ‘‘ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে নজরুলের বিরোধ চলছিল এবং তাকে এর আগেও কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছিল। সব কিছু গুছিয়ে খুব শিগগির স্থায়ীভাবে দেশে ফেরার কথা ছিল নজরুলের। কিন্তু তার আগেই আমার ভাইকে হত্যা করা হয়েছে।’’

নিহতের ভাগনি সাদিয়া ইসলাম মীম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘‘মামা বলেছিলেন সব বিক্রি করে দ্রুত দেশে ফিরবেন। আমার মামা দেশে ফিরেছেন ঠিকই, কিন্তু তার দেহ নিথর। আমরা এই ভার কীভাবে বহন করব?’’

এ প্রসঙ্গে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ‘‘ঘটনাটি বিদেশে হওয়ায় আমাদের কাছে সরাসরি কোনো তথ্য নেই। নিহতের বাবা ছেলের হত্যাকারীদের ধরতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দফতর কাজ করবে। তবে আমরা কোনো অভিযোগ পাইনি।’’

ঢাকা/সোহাগ// 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়