মাদ্রাসার ওয়াশরুম থেকে ’মেইড ইন পাকিস্তান’ লেখা পিস্তল উদ্ধার
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকার আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন ওয়াশরুম থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৪। উদ্ধার করা পিস্তলের নলে ইংরেজিতে ’মেড ইন পাকিস্তান’ লেখা রয়েছে।
বুধবার (১৮ জুন) দুপুরে আশুলিয়া থানাধীন শ্রীপুর গণকবাড়ী এলাকায় তাহাফিজুল কোরআনুল কারিম ফাজিল মাদ্রাসায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৪ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ী এলাকায় কয়েকজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী বিশৃঙ্খলা সৃষ্টি ও মাদক ব্যবসার উদ্দেশ্যে অস্ত্র মজুত করেছে। পরে র্যাব-৪-এর সিপিসি-২, সাভারের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে একটি নির্মাণাধীন ওয়াশরুমের ভেতরে শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা অস্ত্র ও গুলি আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রটির মালিকানা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
র্যাব-৪ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেছেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং কারা এটি সেখানে রেখে গেছে, তা উদঘাটনে তদন্ত চলছে।”
ঢাকা/সাব্বির/রফিক
হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০০৯