স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থের ঘটনায় জিডি
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে শিক্ষাথী অসুস্থের ঘটনায় সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়াও সরবরাহকারী প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের জন্য বনরুটি সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন ও সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এ সব তথ্য জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, বুধবার (১৭ জুন) সদর উপজেলার সালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থের ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) বিষয়টি সভা করেছে উপজেলা মনিটরিং কমিটি। ওই সভায় আগামী ১৫ দিনের জন্য বনরুটি সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘‘আমরা প্রত্যেকটা স্কুলে কমিটি করে দিয়েছি। প্রধান শিক্ষক মনিটরিং করবেন। খাবার নেওয়ার পর সেটা যেন নিজেরা পরীক্ষা করে বিতরণ করে। পাশাপাশি অসুস্থের ঘটনায় পিডি অফিসকে ঘটনার বিস্তারিত বর্ণনা করে আমরা প্রতিবেদন দিয়েছি।’’
তিনি আরও বলেন, ‘‘খাবারের কারণে এই সমস্যাগুলো হলো কি-না তা জানার জন্য, আমরা খাবারের নমুনা বিএসটিআইয়ের ঢাকার মহাখালীতে টেস্টের জন্য পাঠিয়েছি।’’
এদিকে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে সালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী অসুস্থের ঘটনায় থানায় জিডি করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুরুল হোদা। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জিডি করা হয় বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন। তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৭ জুন) দুপুরে সালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের ডিম ও পাউরুটি খেয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়। তাদের মধ্যে ১০ জনকে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হয়ে সব শিক্ষার্থীই হাসপাতালের ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে বলে জানান জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহবুব হাসান।
ঢাকা/গালিভ/বকুল
হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০০৯