ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ৩ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে আগুনে পুড়ল টিসিবির পণ্য

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ১৮ জুন ২০২৬  
মাদারীপুরে আগুনে পুড়ল টিসিবির পণ্য

মাদারীপুরের চরমুগুরিয়া এলাকায় টিসিবির পণ্য সংরক্ষণকারী একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ ভোজ্যতেল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার সরকারি পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব।

বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ২টার দিকে পৌর শহরের চরমুগুরিয়া পাটগুদাম সংলগ্ন মেসার্স মোল্লা ট্রেডার্স নামের ওই গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা এগিয়ে যান। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

অগ্নিকাণ্ডে গুদামে সংরক্ষিত সয়াবিন তেলের বোতল গলে চারদিকে ছড়িয়ে পড়ে। এছাড়া স্তূপ করে রাখা শত শত বস্তা ডাল, চিনি ও অন্যান্য পণ্য পুড়ে যায়। আগুনের তাপে গুদামের দেয়াল, টিনের ছাউনি ও দরজা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গুদাম মালিক ও মেসার্স মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী ইসমাইল মোল্লা বলেন, আমার গুদাম প্রায় ছাই হয়ে গেছে। বিপুল পরিমাণ টিসিবির পণ্য ও অন্যান্য মালামাল আগুনে পুড়ে বিনষ্ট হয়েছে। আগুনে আমার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাশেই একটি পাটের গুদাম ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় সেখানে আগুন ছড়িয়ে পড়েনি এবং পাটের গুদাম অক্ষত রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কত, তা নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা/রিজভী/

সর্বশেষ

পাঠকপ্রিয়