মেসি এলেন দেখলেন ইতিহাস গড়লেন
নাভিদ হাসান || রাইজিংবিডি.কম
ভিনি, ভিডি, ভিসি! অথবা বলা যায় মেসি, মেসি আর মেসি। কাতার বিশ্বকাপের ফাইনালে যেখানে গল্পটা শেষ করেছিলেন, চার বছর পর যুক্তরাষ্ট্র বিশ্বকাপে যেন ঠিক সেখান থেকেই আবার শুরু করলেন লিওনেল মেসি। এমনকি আর্জেন্টিনাও থাকল সেই পুরোনো ছন্দে। আর সেই ভয়ংকর সুন্দর ছন্দের আগুনে পুড়ে ছারখার আলজেরিয়া!
বয়স, সময় কিংবা অর্জনের পাহাড়, কোনো কিছুই যেন থামাতে পারছে না আর্জেন্টাইন মহাতারকা মেসিকে। তাতেই ২০২৬ বিশ্বকাপে জে গ্রুপের প্রথম ম্যাচে মাঠে নেমেই আলো ছড়ালো আর্জেন্টিনা! আলজেরিয়াকে রীতিমতো উড়িয়ে দিল ৩-০ গোলে! জাদুকরী এক হ্যাটট্রিক করে আবারও ফুটবল বিশ্বকে লিওনেল মেসি মনে করিয়ে দিলেন, তিনি এখনো বিশ্বসেরা! আর্জেন্টিনাও জানিয়ে রাখল, তারা ব্রাজিল ও ইতালির পর তৃতীয় দেশ হিসেবে টানা দুটি বিশ্বকাপ জিততে এসেছে যুক্তরাষ্ট্রে! এই ম্যাচের মাধ্যমে বর্তমান চ্যাম্পিয়নরা প্রতিপক্ষদের উদ্দেশেও কড়া বার্তা দিয়ে রাখল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে একের পর এক আক্রমণ সাজায় লিওনেল স্কালোনির দল। প্রথম গোলটি আসে ম্যাচের ১৭ মিনিটে। মাঝমাঠ থেকে রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে জাল খুঁজে নেন মেসি। আলজেরিয়ার গোলরক্ষক শুধু বলের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারেননি। গ্যালারি তখন মেতে ওঠে মেএসি, মেএসি ধ্বনিতে।
প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও ভয়ংকর রূপ নেয় লাতিন আমেরিকার দলটি। ম্যাচের ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের একটি বড় ভুলের সুযোগ কাজে লাগিয়ে সহজেই বল জালে পাঠান তিনি। সেই গোলের পরই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় আলবিসিলিস্তাদের হাতে।
এরপর আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। ম্যাচের ৭৬ মিনিটে বক্সের ভেতরে দুর্দান্ত এক ফিনিশিংয়ে নিজের তৃতীয় গোলটি করেন মেসি। এর মধ্য দিয়েই বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। গ্যালারি দাঁড়িয়ে অভিবাদন জানায় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়কে।
এই হ্যাটট্রিকের মাধ্যমে মেসি আরেকটি অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। বিশ্বকাপ ইতিহাসে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। অর্থাৎ আর মাত্র একটি গোল করলেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসবেন আর্জেন্টাইন অধিনায়ক।
কাতার বিশ্বকাপে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে শিরোপা জয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা ঘুচিয়েছিলেন মেসি। অনেকেই ভেবেছিলেন, সেখানেই হয়তো শেষ হয়ে যাবে বিশ্বকাপের মঞ্চে তার গল্প। কিন্তু ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই তিনি প্রমাণ করে দিলেন, তার ক্ষুধা, তার জয়ের ইচ্ছা এবং ইতিহাস গড়ার তাড়না এখনো আগের মতোই প্রবল।
আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার মিশনটা তাই শুরু হলো দারুণ এক বার্তা দিয়ে। মেসি এখনো জাদু দেখাতে জানেন, আর সেই জাদুর স্পর্শে আর্জেন্টিনাও এখনো শিরোপার অন্যতম বড় দাবিদার। ফুটবল বিশ্ব দেখার অপেক্ষায়, মেসির পরবর্তী অধ্যায়ে আর কত ইতিহাস লেখা বাকি!