দিল্লি বিমানবন্দরে কী ঘটেছিল, জানালেন জাহেদ উর রহমান
মঙ্গলবার দুপুরে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁর সঙ্গে প্রত্যাশিত আচরণ করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বিমানবন্দরে সৃষ্ট ওই পরিস্থিতিকে অসম্মানজনক মনে হওয়ায় ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ না নিয়ে সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান জানান, দিল্লি বিমানবন্দরে তাকে যেভাবে রাখা ও বসানো হয়েছিল, তা তার কাছে যথাযথ বলে মনে হয়নি। তবে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা ও আচরণে তিনি সন্তুষ্ট।
তিনি বলেন, “আমার সঙ্গে যথাযথ ব্যবহার করা হয়নি। আমাকে যেভাবে রাখা হয়েছে এবং যেখানে বসানো হয়েছে, তা ঠিক হয়নি বলে আমার মনে হয়েছে। তবে বাংলাদেশ হাইকমিশন আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে।”
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ভবিষ্যতেও তিনি ভারত সফরে যাবেন এবং আন্তর্জাতিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ অব্যাহত রাখবেন।
ব্রিফিংয়ে তিনি জানান, দিল্লি সফরের সময় বিমানবন্দরে তাকে কিছু সময় আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই অভিজ্ঞতাকেই তিনি সফর বাতিল করে দেশে ফেরার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
গত ১৪ জুন ডা. জাহেদ উর রহমান ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে ঢাকা থেকে দিল্লি যান। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি প্রবেশসংক্রান্ত জটিলতার মুখে পড়েন। পরে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উপদেষ্টার সফর সম্পর্কে আগেই ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছিল। তবে এরপরও বিমানবন্দরে তার প্রবেশ নিয়ে জটিলতা তৈরি হয়, যা দুই দেশের কূটনৈতিক মহলেও আলোচনার বিষয় হয়ে ওঠে।
ঢাকা/এএএম/ইভা