মা হতে যাওয়ার গুঞ্জনে মুখ খুললেন সোহিনী
সোহিনী সরকার
এখনো বিয়ের দুই বছর পূর্ণ হয়নি অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলির। এরই মধ্যে গুঞ্জন উড়ছে, মা-বাবা হতে যাচ্ছেন এই তারকা জুটি।
সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন গণমাধ্যমে সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জোর চর্চা চলছে। আলোচনা না থামলেও মুখে কুলুপ এঁটেছিলেন ‘ফড়িং’খ্যাত এই অভিনেত্রী। গতকাল কলকাতায় একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে হাজির হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন সোহিনী সরকার।
গতকাল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এমন লুকে ধরা দেন সোহিনী
মা হতে যাওয়ার গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেও রহস্য রেখে সোহিনী সরকার বলেন, “এটা একটা অ্যাওয়ার্ড ফাংশন। আমার মনে হয়, আমরা শুধু অ্যাওয়ার্ড আর শিল্পীর কাজ নিয়েই কথা বলি। আমাদেরও নিশ্চয়ই সময় আসবে, যখন আমরা সবকিছু জানাব। ওটা আমাদের অধিকার। প্রত্যেকটা মানুষের অধিকার, এই আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়া, সেই সময় নিশ্চয়ই আমি ভাগ করে নেব।”
এর আগে একটি সোহিনীর মা হতে যাওয়া নিয়ে বলেন, “খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। চলতি বছরই মা-বাবা হবেন সোহিনী-শোভন। কিন্তু এখনই তারা এই বিষয়ে কোনো কিছু প্রকাশ্যে আনতে চান না। এ নিয়ে আর পাঁচজনের মতোই তারাও খুব সাবধানী।”
সোহিনীর রহস্যময় বক্তব্য ও সূত্রটির দেওয়া তথ্য মিলিয়ে নেটিজেনদের বুঝতে বাকি নেই, সত্যি মা হতে যাচ্ছেন তারকা দম্পতি! তাছাড়া হিন্দুস্তান টাইমসের দাবি—অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সোহিনীর বেবি বাম্প দৃশ্যমান ছিল। মাতৃত্বের গ্লো অভিনেত্রীর চেহারায় স্পষ্ট!
বিয়ের আসরে বর শোভনের পাশে সোহিনী
মডেল-অভিনেতা রণজয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কের ইতি টানার পর গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়ান সোহিনী সরকার। কয়েক মাস আগে গুঞ্জন রটেছিল, বিদেশে ছুটি কাটাতে গিয়ে বাগদান সেরেছেন এই যুগল। যদিও এই গুঞ্জন ‘মিথ্যা’ বলে দাবি করেন সোহিনী। তবে গুঞ্জন সত্যি করে, ২০২৪ সালের ১৫ জুলাই সাতপাকে বাঁধা পড়েন তারা।
২০০৬ সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সোহিনী সরকার। তারপর ‘ওগো বধূ সুন্দরী’, ‘অদ্বিতীয়া’, ‘ভূমিকন্যা’ ধারাবাহিকে অভিনয় করেন। তবে ২০১১ সালে ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন তিনি।
২০১৩ সালে ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সোহিনী সরকারের। একই বছর ‘ফড়িং’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। এক বছরের বিরতি নিয়ে ‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমায় অভিনয় করেও খ্যাতি কুড়ান।
সোহিনী সরকার
তারপর ‘রাজকাহিনী’, ‘হর হর ব্যোমকেশ’, ‘বিবাহ ডায়েরিজ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। ২০১৯ সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন এই নায়িকা। বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রান্না বাটি’। গত বছর মুক্তি পায় সিনেমাটি।
ঢাকা/শান্ত