ঢাকা     শুক্রবার   ১২ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় বিয়ে করতে এসে খালি হাতে ফিরলেন চীনা যুবক

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ১২ জুন ২০২৬   আপডেট: ১১:২৯, ১২ জুন ২০২৬
কুষ্টিয়ায় বিয়ে করতে এসে খালি হাতে ফিরলেন চীনা যুবক

ছবি: সংগৃহীত

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশের কুষ্টিয়ায় ছুটে এসেছেন এক চীনা নাগরিক। তার উদ্দেশ্য ছিল প্রিয় মানুষটাকে বিয়ে করার। কিন্তু সেই আশা আর পূরণ হয়নি। প্রেমিকার বয়স কম হওয়ায় ওই চীনা নাগরিককে খালি হতে ফিরতে হয়েছে। তবে তিনি প্রিয়তমার জন্য দেড় বছর অপেক্ষা করবেন বলে জানান।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে দেশে ফেরার উদ্দেশ্যে তিনি কুমারখালী ত্যাগ করেন। বুধবার (১০ জুন) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তরপার সাঁওতা এলাকায় এ ঘটনা ঘটে। ওই চীনা যুবকের নাম এম এ হাইশান (৩৯) এবং বাংলাদেশি তরুণীর নাম রিয়া আক্তার (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে একটি অ্যাপসের মাধ্যমে কুমারখালীর রিয়ার সঙ্গে চীনা যুবক হাইশানের পরিচয় হয়। দুজনের মধ্যে পরিচয় ও কথাবার্তার একপর্যায়ে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকেই তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই প্রেমকে পরিণয়ে রূপ দিতে বুধবার (১০ জুন) সকালে চীনের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হাইশান। তাকে রিসিভ করে কুমারখালী নিজ বাড়িতে নিয়ে আসেন রিয়া ও তার পরিবারের লোকজন।

এ বিষয়ে রিয়া আক্তার বলেন, প্রায় আট মাস আগে অ্যাপসের মাধ্যমে আমাদের পরিচয় হয় এবং বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার বিকেলে আমাদের বাসায় আসেন, আমি আর আমার দাদি তাকে ঢাকা এয়ারপোর্টে আনতে গিয়েছিলাম। আমি এবার এসএসসি পরিক্ষার্থী, আমার বয়স কম থাকায় পরিবারসহ অনেকে বিয়েতে অসম্মতি জানিয়েছেন, এজন্য আমরা বিয়ে করছি না। এম এ হাইশান আজ (বৃহস্পতিবার) দুপুরে আমাদের বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে আমি অপেক্ষা করবো যতদিন পর্যন্ত না আমার বিয়ের বয়স হয়। আর যদি না আসে তাহলে আমি আমার জন্য নতুন করে ভাববো।”

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মেয়ের মা জানান, “ওই ছেলের সঙ্গে আমার মেয়ের পরিচয় হওয়ার পর সে আমাকে বিষয়টি বলেছে। বুধবার সে বাংলাদেশে এসেছে। মেয়ের বয়স না হওয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি বিয়ে দেব না।”

এ বিষয়ে চীনা যুবক এম এ হাইশান মোবাইল অ্যাপসের মাধ্যমে ট্রান্সলেট করে বলেন, “আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেম। এসেছিলাম বিয়ে করে দেশে ফিরবো। কিন্তু কিছু সমস্যার কারণে বিয়েটা হচ্ছে না। তবে আমি আমার প্রিয়তমার জন্য দেড়বছর অপেক্ষা করবো।”

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, “আমাদের এই গ্রামে এর আগে এমন ঘটনা ঘটেনি। চীন থেকে ওই ব্যক্তি এসেছেন আমাদের গ্রামের মেয়েকে বিয়ে করতে। তার সম্পর্কে তো আমরা কিছু জানি না। তাছাড়া তার ভাষাও আমরা বুঝি না।”

চাপড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক মনজু বলেন, “প্রেমের সম্পর্কের জেরে আমাদের গ্রামে চীনা নাগরিক এসেছে। রাতে প্রশাসন ও আমরা থেকে পাহাড়া দিয়েছি। আশা করি মেয়ের পরিবার বিষয়টি বুঝতে পেরেছে, এজন্য তারা মেয়েকে বিয়ে দিতে আগ্রহী নন। আর মেয়ে কেবল এসএসসি পরিক্ষার্থী, বয়সও কম। এজন্য দুপুরে প্রশাসনের সহায়তায় চীনা যুবককে তার দেশে ফেরত পাঠানো হয়েছে।”

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার বলেন, “শুনেছি চীনের এক নাগরিক কুমারখালীতে এসেছেন। তিনি বর্তমানে তার দেশে ফেরত গেছেন। আমরা সব সময় বিষয়টি পর্যবেক্ষণে রেখেছিলাম। আসলে পরিবার বুঝতে পেরেছে তাদের মেয়ের বয়স কম। এজন্য পরিবারের পক্ষ থেকে বিয়ের পক্ষে কোনো অনুমতি দেয়নি।”

ঢাকা/কাঞ্চন/ফিরোজ 

সর্বশেষ

পাঠকপ্রিয়