ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চবিতে ফিরল অ্যাপভিত্তিক জোবাইক সেবা

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ১১ জুন ২০২৬  
চবিতে ফিরল অ্যাপভিত্তিক জোবাইক সেবা

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে আবার চালু হয়েছে অ্যাপভিত্তিক বাইসাইকেল সেবা ‘জোবাইক’। প্রাথমিকভাবে ১০টি ইলেকট্রিক বাইক নিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এ সেবা শিক্ষার্থীদের ক্যাম্পাসে চলাচল আরো সহজ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় চাকসু ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে চালু হওয়া এ সেবা আগামী ৪০ দিন পরীক্ষামূলকভাবে পরিচালিত হবে। এরপর শিক্ষার্থীদের সাড়া ও চাহিদা বিবেচনায় ক্যাম্পাসে ১০০টি সাইকেল আনার পরিকল্পনা রয়েছে জোবাইক কর্তৃপক্ষের।

প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ক্যাম্পাস এলাকায় জোবাইক সেবা পাওয়া যাবে। আপাতত জিরো পয়েন্ট, জীববিজ্ঞান অনুষদ, ২ নম্বর গেট ও চাকসু ভবনের সামনে পার্কিং পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। ই-বাইকের ক্ষেত্রে প্রতি মিনিটে ভাড়া হবে ১ টাকা ৫০ পয়সা এবং প্যাডেল বাইকের ক্ষেত্রে ৮০ পয়সা। এছাড়া, প্রতিবার আনলক করতে খরচ হবে প্রায় দেড় টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সালেহ জহুর, জোবাইকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদী রেজা, প্রতিষ্ঠানটির পরিচালক শরীফ, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং চাকসুর অন্যান্য প্রতিনিধিরা।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, “জোবাইক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি দারুণ সংযোজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে। তারা সাইকেলগুলো দায়িত্বশীলভাবে ব্যবহার করবে বলে আমি আশা করি। জোবাইক আগেও ক্যাম্পাসে এসেছিল। এবার যেন পূর্বের তিক্ত অভিজ্ঞতা নিয়ে তাদের ফিরে যেতে না হয়।”

জোবাইকের প্রতিষ্ঠাতা ও সিইও মেহেদী রেজা বলেন, “২০২৩ সালে শিক্ষার্থীরা জোবাইক চালুর দাবিতে পিটিশন করেছিলেন। এরপর থেকে আমরা বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছিলাম। অবশেষে আজ জোবাইক নিয়ে আবার ক্যাম্পাসে ফিরতে পেরেছি। আগে শুধু প্যাডেল সাইকেল থাকলেও এবার ইলেকট্রিক বাইকও যুক্ত করা হয়েছে।”

তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের চাহিদা থাকলে ৪০ দিন পর ১০০টি প্যাডেল বাইকের পাশাপাশি ৫০টি ই-বাইক যুক্ত করা হবে। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে প্রায় ২০টি পার্কিং পয়েন্ট থাকবে। শিক্ষার্থীদের এসব নির্ধারিত স্থানেই সাইকেল রাখতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি জো-ক্যাফেও তৈরি করা হবে।”

চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা বলেন, “২০১৯ সালের দিকে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জোবাইক সেবা চালু হয়েছিল। তবে বিভিন্ন কারণে প্রায় পাঁচ বছর ধরে এটি বন্ধ ছিল। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা সেবাটি পুনরায় চালুর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে আজ আবার ক্যাম্পাসে জোবাইকের যাত্রা শুরু হলো।”

জোবাইক একটি স্মার্টফোনভিত্তিক বাইসাইকেল শেয়ারিং সেবা। এ সেবা ব্যবহার করতে হলে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। এরপর কিউআর কোড স্ক্যান করে সাইকেল আনলক করে ব্যবহার করা যায়। এর জন্য নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হয় ব্যবহারকারীকে।

ঢাকা/মিজানুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়