ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গোলাপজল ছিটিয়ে ও রঙ উড়িয়ে ব্রাজিল ছাড়লেন চিকিৎসক সমর্থক

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ১১ জুন ২০২৬  
গোলাপজল ছিটিয়ে ও রঙ উড়িয়ে ব্রাজিল ছাড়লেন চিকিৎসক সমর্থক

রঙ উড়িয়ে ফ্রান্সের প্রতি সমর্থন জানানো তরুণ চিকিৎসক ডা. আহমেদ সৌরভ (ফ্রান্সের পতাকা হাতে)। 

বিশ্বকাপ ফুটবলের মাঠের লড়াই গড়ানোর আগেই ফরিদপুরে ঘটে গেল এক নজিরবিহীন ও মুখরোচক ‘দলবদল’। দীর্ঘ ২০ বছর ধরে বুক দিয়ে আগলে রাখা ব্রাজিলের সমর্থন ছেড়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতি সমর্থন জানিয়েছেন তরুণ চিকিৎসক ডা. আহমেদ সৌরভ। 

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে ফরিদপুর জিলা স্কুল প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, মাঠের ঠিক মাঝখানে একটি চেয়ারে রাজকীয় ভঙ্গিতে বসেছিলেন ব্রাজিলের জার্সি পরিহিত ডা. আহমেদ সৌরভ। তাকে চারপাশ থেকে ঘিরে বৃত্তাকারে দাঁড়িয়ে ছিলেন একঝাঁক বন্ধু, যাদের প্রায় সবাই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কট্টর সমর্থক। এরপর চারপাশের আর্জেন্টিনা সমর্থকরা মন্ত্রমুগ্ধের মতো সৌরভের শরীরে সুগন্ধি গোলাপজল ছিটিয়ে দেন। গোলাপজল ছিটানোর পরপরই ডা. সৌরভ শরীর থেকে ব্রাজিলের হলুদ-সবুজ জার্সিটি খুলে ফেলে গায়ে জড়ান ফ্রান্সের জার্সি।

ব্রাজিলের মায়া ত্যাগ করে ডা. সৌরভ যখন ফ্রান্সের নীল জার্সিটি গায়ে জড়ান, তখন উপস্থিত তার বন্ধুরা সবাই উল্লাস শুরু করেন। মুহূর্তের মধ্যে শুরু হয় আবির ও রঙের খেলা। 

২০০৬ সালে টেলিভিশনের পর্দায় প্রথম বিশ্বকাপ দেখার পর থেকেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অন্ধ ভক্ত বনে যান ডা. সৌরভ। বিগত দুটি দশকে পাঁচটি বিশ্বকাপ পার হলেও ব্রাজিলের ‘হেক্সা’ (ষষ্ঠ বিশ্বকাপ) জয় আর দেখা হয়নি তার। উল্টো প্রতি আসরেই জুটেছে একরাশ হতাশা আর ট্রল।

ডা. সৌরভ বলেন, ‍“ব্রাজিল ছিল আমার প্রথম ভালোবাসা। ২০ বছর ধরে দলটিকে আমি বুকে আগলে রেখেছিলাম। এই ভালোবাসায় কষ্ট ছাড়া আর কিছুই পাইনি। অবশেষে মনে হলো, এবার নতুন পথে পাড়ি জমাতে হবে, নতুন ভালোবাসার সন্ধান করতে হবে। সেই ভালোবাসার জায়গা থেকেই আজ বিশ্বকাপ শুরুর দিনে ফ্রান্সকে বেছে নেওয়া।”

দল বদলের এই বর্ণিল আনুষ্ঠানিকতার শেষ হয় উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে। 

ঢাকা/তামিম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়