ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশি জ্যোতিষীর মতে বিশ্বকাপের ট্রফি উঠবে যে দলের হাতে

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ১০ জুন ২০২৬   আপডেট: ১১:২৭, ১০ জুন ২০২৬
বাংলাদেশি জ্যোতিষীর মতে বিশ্বকাপের ট্রফি উঠবে যে দলের হাতে

ফিফা বিশ্বকাপ ফুটবলের ট্রফি

ফুটবল বিশ্বকাপ আসলেই কার হাতে ট্রফি উঠবে তা নিয়ে শুরু হয়ে যায় ভবিষ্যদ্বাণী। ২০১০ সালের পল নামে এক অক্টোপাসের করা ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। ২০২৬ সালের গ্রেট শো অন আর্থ নিয়েও ভবিষ্যদ্বাণী করতে দেখা যাচ্ছে অনেককে।

আরো পড়ুন:

এবারের ফুটবল বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বাংলাদেশের জোতিষী আবদুস ছালাম শিকদার। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টায় দেওয়া স্ট্যাটাস তিনি দাবি করেছেন, তৃতীয়বারের মতো ট্রফি উঠতে যাচ্ছে ফ্রান্সের হাতে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। নিজের ফেসবুক ওয়ালে আবদুস সালাম শিকদার লিখেছেন, নির্বাচনে কমলা হ্যারিসকে হারিয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন ডোনাল্ড ট্রাম্প। তার সেই ভবিষ্যদ্বাণী সত্য হয়েছিল।

আরো পড়ুন: ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প: বাংলাদেশি জ্যোতিষী

বিশ্বকাপ কার হাতে উঠবে সে নিয়ে ফেসবুকে দেওয়া ছালাম শিকদারের পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

আবদুস সালাম শিকদার লেখেন, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বিশ্বজুড়ে শুরু হয়েছে এক তুমুল উন্মাদনা। সাধারণ মানুষ যখন দলগুলোর অতীত পরিসংখ্যান আর পারফরমেন্স নিয়ে হিসাব-নিকাশ করতে ব্যস্ত, তখন প্রচলিত সব ধারণাকে পাশ কাটিয়ে এই ফুটবল মহাযজ্ঞের চূড়ান্ত নিয়তি ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে।

​এবারের টুর্নামেন্টে বিশ্ববাসী এমন কিছু অবিশ্বাস্য অঘটন আর চরম ট্র্যাজেডি দেখবে, যা কেউ কল্পনাও করতে পারেনি। কোটি ভক্তের বুকভাঙ্গা কান্না আর মাঠের রক্তক্ষয়ী লড়াই সত্ত্বেও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের শক্তিশালী দল স্পেনকে বিদায় নিতে হবে সেমিফাইনালের মঞ্চ থেকেই। এক নির্মম সত্যের মুখোমুখি হয়ে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের সূর্যখ্যাত ব্রাজিল এবার ফাইনালের ঠিক আগের মুহূর্তে এসে ফুটবলের আকাশ থেকে অস্তমিত হবে।

আবদুস ছালাম শিকদারের ফেসবুক পোস্ট


ফাইনালের সেই ঐতিহাসিক দিনে মেটলাইফ স্টেডিয়ামের রণাঙ্গনে মুখোমুখি হবে ইউরোপের দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি ইংল্যান্ড এবং ফ্রান্স। একদিকে থাকবে দীর্ঘদিনের শিরোপার খরা কাটিয়ে বিশ্বজয়ে মরিয়া ইংলিশরা, আর অন্যদিকে থাকবে অপ্রতিরোধ্য শক্তির ফরাসিরা।

কিন্তু ট্রফি ছোঁয়ার ঠিক আগের মুহূর্তে, কাপের একদম দ্বারপ্রান্তে গিয়ে এক অদৃশ্য দেওয়ালে ধাক্কা খাবে ইংল্যান্ডের সব স্বপ্ন। এক বুক দীর্ঘশ্বাস আর বীরোচিত পরাজয় সঙ্গী করে মাঠ ছাড়তে হবে তাদের, রানার আপের মর্যাদা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ইংলিশদের। ​কারণ, ১৯ জুলাইয়ের সেই মোক্ষম ক্ষণে এক অনন্য এবং জাদুকরী আশীর্বাদ বর্ষিত হবে ফরাসিদের ওপর। 

উল্লেখিত, সমস্ত পরিস্থিতি আর শক্তির গতিপথকে সামনে রেখে আজ অত্যন্ত স্পষ্ট ও দৃঢ়তার সাথে ঘোষণা করছি- ২০২৬ সালের বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের দর্প চূর্ণ করে, সোনালী ট্রফি ছিনিয়ে নিয়ে বিশ্ববিজেতার মুকুট মাথায় পরবে ফ্রান্স। এই ভবিষ্যৎবাণী ফুটবল ইতিহাসের এক নতুন ঐতিহাসিক এবং রোমাঞ্চকর অধ্যায় রচনা করতে যাচ্ছে।

তিনি লেখেন, যারা সমসাময়িক খবরের কাগজের বিশ্লেষণ বা গাণিতিক পরিসংখ্যানের বাইরে গিয়েও বাস্তব সত্যকে আগেভাগেই অনুধাবন করতে ভালোবাসেন, এই বার্তাটি মূলত তাদের কৌতূহল নিবৃত্তির জন্য। ফুটবল মাঠে বল গড়ানোর পর থেকে প্রতিটি মুহূর্তের ঘটনাপ্রবাহ যখন এই পূর্বাভাসের সাথে অক্ষরে অক্ষরে মিলতে শুরু করবে, তখন সংশয়বাদীদের সমস্ত যুক্তিই ম্লান হয়ে যাবে। ১৯ জুলাইয়ের ঐতিহাসিক ফাইনাল ম্যাচ শেষে এই প্রতিটি শব্দের বস্তুনিষ্ঠতা ও সত্যতা যাচাইয়ের জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। যুক্তিপূর্ণ যেকোনো আলোচনা বা কৌতূহল নিয়ে সরাসরি যোগাযোগের দরজা উন্মুক্ত রইলো।

জ্যোতিষী মো. আবদুছ ছালাম শিকদার বলেন, “আমি প্রায় দুই সপ্তাহ প্রচেষ্টার পর প্রেডিকশনটি সম্পন্ন করেছি। আল্লাহর রহমতে আগেও আমার বিভিন্ন প্রেডিকশন সফল হয়েছিল।” 

তিনি বলেন, “আমি ২০১৪ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ এ্যাস্ট্রোলোজি থেকে জ্যোতিষ ডিগ্রি অর্জন করেছি। মানুষ আমাকে প্রেডিকশন করতে উৎসাহ যোগায় এজন্যই মূলত প্রেডিকশন করি।” 

জ্যোতিষী আবদুস ছালাম শিকদার ১৯৮২ সালের ২ এপ্রিল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী মো. জালাল উদ্দিন শিকদার। ছয় ভাই বোনের মধ্যে আবদুস ছালাম জালাল উদ্দিনের দ্বিতীয়। 

ঢাকা/ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়