ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফিফা বিশ্বকাপ: ভলান্টিয়ার হিসেবে দায়িত্বে বাংলাদেশি আবজল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ১০ জুন ২০২৬  
ফিফা বিশ্বকাপ: ভলান্টিয়ার হিসেবে দায়িত্বে বাংলাদেশি আবজল

ভিস্তা স্টেট পার্ক, নিউ জার্সি, যুক্তরাষ্ট্রে আবজল আহমেদ

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন কাতার প্রবাসী বাংলাদেশি আবজল আহমেদ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে হসপিটালিটি ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন তিনি।

আরো পড়ুন:

বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা আবজল আহমেদের এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশিদের জন্য গর্বের নতুন অধ্যায় হিসেবে দেখছেন প্রবাসীরা।

জানা গেছে, মেটলাইফ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই স্টেডিয়ামে দায়িত্ব পালনের সুযোগ পাওয়াকে নিজের জীবনের বড় অর্জন হিসেবে দেখছেন আবজল আহমেদ।

আন্তর্জাতিক ক্রীড়া আসরে স্বেচ্ছাসেবক হিসেবে আবজলের অভিজ্ঞতা দীর্ঘদিনের। এর আগে তিনি ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এ পাইওনিয়ার ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ফিফা আরব কাপ কাতার ২০২১, ফিফা আরব কাপ কাতার ২০২৫, ফর্মুলা ওয়ান কাতার এয়ারওয়েজ কাতার গ্রাঁ প্রি ২০২৬, স্পেশাল অলিম্পিকস ন্যাশনাল গেমস বার্লিন ২০২২ এবং ফিসু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস উইন্টার ২০২৩-এ সফলভাবে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬ যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হচ্ছে। এবারের আসরে অংশ নিচ্ছে ৪৮টি দল। আয়োজক সূত্রে জানা গেছে, প্রায় ১০ লাখ আবেদনকারীর মধ্য থেকে প্রায় ৬৫ হাজার ভলান্টিয়ার নির্বাচন করা হয়েছে। সেই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি আবজল আহমেদ।

বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য আবেদন, অনলাইন যাচাই, সাক্ষাৎকার, শিফট অ্যাসাইনমেন্ট ও ভিসাসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করেছেন আবজল আহমেদ। গত ৪ জুন কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। পরদিন তিনি বিশ্বকাপ ভলান্টিয়ার ইউনিফর্ম সংগ্রহ করে আনুষ্ঠানিক প্রস্তুতি কার্যক্রমে অংশ নেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

আবজল আহমেদ বলেন, “ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনের অংশ হতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের। আমি চাই ভবিষ্যতে আরো বেশি বাংলাদেশি তরুণ-তরুণী আন্তর্জাতিক ক্রীড়া আসরে ভলান্টিয়ার হিসেবে অংশ নিক এবং দেশের প্রতিনিধিত্ব করুক।”

কাতার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা মনে করছেন, আবজল আহমেদের এই অর্জন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সহায়ক হবে। একই সঙ্গে এটি নতুন প্রজন্মকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশ নিতে অনুপ্রাণিত করবে।

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়