নোয়াখালীতে সম্পত্তির জন্য মাকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ২
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ফখরুল রাজু ও তার স্ত্রী মানিকা স্বপ্না।
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামে সম্পত্তির জন্য মাকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৬ জুন রাত ৮টার দিকে খোতেজা বেগমের ঘরে প্রবেশ করেন তার বড় ছেলে ফখরুল রাজু (৩৫) ও পুত্রবধূ মানিকা স্বপ্না (৩০)। সম্পত্তির জন্য তারা খোতেজা বেগমকে মারধর করেন। একপর্যায়ে তারা সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে গলায় ওড়না পেঁচিয়ে খোতেজা বেগমকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টা করেন। খোতেজা বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে ছোটো ছেলে রাকিব হোসেন আহত খোতেজা বেগমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় খোতেজা বেগমর ছোট ছেলে মো. রাকিব হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত ফখরুল রাজু ও তার স্ত্রী মানিকা স্বপ্নাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা লক্ষ্মীপুর সদর থানার এসআই শাহিনুর ইসলাম বলেন, “মামলার প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ