ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে এসে রিলিফ ট্রেনও লাইনচ্যুত
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে কাজ করছেন রেলওয়ের কর্মীরা।
ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে যাওয়ার পথে লাইনচ্যুত হয়েছে রিলিফ ট্রেন। ফলে ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়। সকাল ১০ টার দিকে ওই ট্রেনের পাওয়ার কার উদ্ধার করতে গিয়ে ময়মনসিংহ স্টেশনের আউটার সিগনাল এলাকায় রিলিফ ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন ট্রেনের পাওয়ার কার ও রিলিফ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “জামালপুর থেকে ঢাকায় যাচ্ছিল ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় আসতেই বিকট শব্দে ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। ফলে ময়মনসিংহ জামালপুর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনটির পাওয়ার কার উদ্ধার করতে যাওয়া পথে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় রিলিফ ট্রেনের বগির চাকা লাইচ্যুত হয়। এ কারণে ঢাকা- ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।”
তিনি জানান, উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন বগি রেখে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারে এসেছে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেনের বগি উদ্ধারের কাজ একসঙ্গে চলছে।
ঢাকা/মিলন/মাসুদ