ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আমি কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না: অমি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ১০ জুন ২০২৬   আপডেট: ১১:৪০, ১০ জুন ২০২৬
আমি কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না: অমি

কাজল আরেফিন অমি

অসুস্থ হয়ে পড়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। মঙ্গলবার (৯ জুন) নাটকটির শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন এই তারকা পরিচালক। 

আরো পড়ুন:

গতকাল দিবাগত রাতে অমি অসুস্থতার কথা জানিয়ে তার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি বলেন, “গত কয়েক দিন ধরে দাঁতের সমস্যার কারণে কিছুটা অসুস্থ ছিলাম। আমার চিকিৎসা চলছিল, সুস্থ হওয়ারও চেষ্টা করছিলাম। ঠিকমতো বিশ্রাম নিতে পারিনি, তবু আবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শুরু করেছিলাম। কিন্তু আজ (৯ জুন) শুটিং চলাকালীন অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটল।” 

পরের ঘটনা বর্ণনা করে অমি বলেন, “হঠাৎ আমার গলায় তীব্র অস্বস্তি অনুভূত হতে শুরু করে। আমার কণ্ঠস্বর ক্রমশ ক্ষীণ হয়ে যেতে থাকে, ঠিকমতো কথা বলতে পারছিলাম না। যে মুহূর্তটি আনন্দের হওয়ার কথা ছিল, তা হঠাৎ আমার জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আমি কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। আমাদের শুটিং বন্ধ করতে হয় এবং আমি হাসপাতালে যাই।”

অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অমি বলেন, “চিকিৎসকরা আমার গলায় একটি সিস্ট শনাক্ত করেছেন। আমাকে সম্পূর্ণ ৭ দিন ভয়েস রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন। অর্থাৎ একদম কথা বলা যাবে না। যদি অবস্থার উন্নতি না হয়, তাহলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।”

সকলের কাছে দোয়া প্রার্থনা করে অমি বলেন, “আমি বুঝতে পারছি না, ঠিক কী হচ্ছে। পুরো বিষয়টি ভীষণ ট্রমাটিক। আমি কাজপাগল মানুষ। প্রতি মাসে আমরা আপনাদের জন্য ৮টি নতুন পর্ব প্রকাশ করি। আশা করি, সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারব। এই মুহূর্তে আপনাদের দোয়া ও শুভকামনা প্রয়োজন। আমি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। দয়া করে আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।”

প্রিয় নির্মাতার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। পাশাপাশি মন্তব্য করে দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়