দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন সমর্থক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার মো. মিন্টু মিয়া।
দীর্ঘদিনের প্রিয় দল ব্রাজিলের সমর্থন ছেড়ে দুধ দিয়ে গোসল করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মো. মিন্টু মিয়া। তিনি আসন্ন বিশ্বকাপ ফুটবলে সৌদি আরব দলের প্রতি সমর্থন জানিয়ে ৫০০ ফুট দীর্ঘ পতাকা প্রদর্শনের ঘোষণাও দিয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে আখাউড়া পৌর এলাকার ঐতিহ্যবাহী খড়মপুর হজরত শাহ পীর সৈয়দ আহম্মদ গেছুদারাছ কেল্লা শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটে। মো. মিন্টু মিয়া আখাউড়া পৌর এলাকার টানপাড়ার মৃত জজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ব্রাজিল ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত মিন্টু মিয়া। মঙ্গলবার বিকেলে তিনি জনসম্মুখে দুধ দিয়ে গোসল করে সৌদি আরবের জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে জড়িয়ে নতুন দলের প্রতি সমর্থন প্রকাশ করেন। এ সময় স্থানীয়দের নিয়ে একটি আনন্দ মিছিলও করেন তিনি। তার এই অভিনব কর্মকাণ্ড দেখতে উৎসুক জনতার ভিড় জমে এলাকায়।
দল পরিবর্তনের পর নতুন দলের প্রতি নিজের ভালোবাসা আরো জোরালোভাবে প্রকাশ করতে বড় পরিকল্পনার কথা জানিয়েছেন মিন্টু মিয়া। তিনি ঘোষণা দেন, আগামী ১১ জুন সৌদি আরবের প্রতি তার সমর্থন ও ভালোবাসার প্রতীক হিসেবে ৫০০ ফুট দীর্ঘ একটি সৌদি আরবের পতাকা প্রদর্শন করবেন।
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ