মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট প্রস্তাব অনুমোদন
বৃহস্পতিবার মন্ত্রিসভার বিশেষ সভায় বাজেট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়
মন্ত্রিসভার বিশষে বৈঠকে ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। রীতি অনুযায়ী বাজেট উপস্থাপনের আগে এই বৈঠকে সেটি অনুমোদন করা হয়।
সরকারি সূত্র জানায়, বিকেল ৩টায় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে সংসদ অধিবেশনে যোগ দেবেন। সেখানে অর্থমন্ত্রী ২০২৫–২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৬–২৭ অর্থবছরের নতুন বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন।
বাজেট ঘোষণাকে কেন্দ্র করে অর্থনৈতিক নানা খাতে পরিবর্তনের আভাসও পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিছু পণ্যের দাম কমতে পারে, আবার কিছু ক্ষেত্রে বাড়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে রাজস্ব আদায় বাড়ানোর ওপর এবার গুরুত্ব দেওয়া হচ্ছে বলে ইঙ্গিত মিলেছে।
এবারের বাজেটে দেশীয় শিল্পের বিকাশ, সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উদ্যোক্তা উন্নয়ন তহবিলের জন্য ২২৫ কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সহায়তায় ২ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের প্রস্তাব থাকতে পারে।
নতুন উদ্যোগের অংশ হিসেবে ২৫ লাখ নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিদ্যমান কর্মসূচির বরাদ্দও বাড়ানো হতে পারে।
যুবসমাজকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া, বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আগামী অর্থবছরে জিডিপির আকার ধরা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাকি অর্থ ঋণ ও বৈদেশিক সহায়তার মাধ্যমে সংগ্রহ করা হবে। এতে বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশের সমান।
ব্যবসা সহজ করতে ‘বাংলাবিজ’ নামে ওয়ান-স্টপ ডিজিটাল সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম আরও ডিজিটাল করার পরিকল্পনা রয়েছে, যেখানে অনলাইনে কর রিটার্ন, সরাসরি ব্যাংক হিসাবে কর ফেরত এবং দ্রুত কর বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা থাকবে।
অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগে গতি আনা আগামী অর্থবছরের বড় চ্যালেঞ্জ হবে। তবে এসব লক্ষ্য অর্জন করা গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে ইতিবাচক অগ্রগতি সম্ভব হবে।
ঢাকা/এএএম/ইভা