জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে তাওহীদ-রবিউল, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিত নাহিদ-তাসকিন
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । দুই স্কোয়াডেই বেশ কিছু পরিবর্তন এনেছেন নির্বাচকরা।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ২৮ জুন। ওয়ানডে ও টি-টোয়েন্টি দল পরে ঘোষণা করা হবে।
টেস্ট স্কোয়াডে সবচেয়ে বড় চমক পেসার রবিউল হকের অন্তভূক্তি। ডানহাতি পেস অলরাউন্ডার হিসেবে তার উপর ভরসা রাখছেন নির্বাচকরা। জিম্বাবুয়ে সিরিজের জন্য তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফেরানো হয়েছে খালেদ আহমেদ ও হাসান মাহমুদকে। তৃতীয় পেসার হিসেবে দল যুক্ত করেছে রবিউল হককে। এছাড়া ইবাদত হোসেন পেস আক্রমণে আছেন।
রবিউল হক ৩২ প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ১০৭ উইকেট পেয়েছেন। ব্যাটিংয়ে রান করেছেন ৬০২। ২টি ফিফটি আছে তার নামের পাশে।
২০২৪ সালের পর আবার টেস্ট দলে ডাক পেলেন তাওহীদ হৃদয়। সেবার মুশফিকুর রহিমের বিকল্প হিসেবে তাওহীদকে নেওয়া হয়েছিল। কিন্তু খেলার সুযোগ পাননি। এবার তাওহীদ সুযোগ পেলেন মিডল অর্ডার ব্যাটসম্যানদের ভরসা হয়ে। ১৬ প্রথম শ্রেণির ম্যাচে ৮৩ রান করেছেন তাওহীদ। সর্বোচ্চ রান ২১৭। ৩টি সেঞ্চুরি ও ৪টি ফিফটি আছে তাওহীদের।
জিম্বাবুয়ের হারারেতে এই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ না হওয়ায় বাংলাদেশ একাধিক পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পাচ্ছে।
এদিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ফিরেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। সবশেষ নিউ জিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে তারা বিশ্রামে ছিলেন। বাদ পড়েছেন রিপন মন্ডল ও সাইফ উদ্দিন। ইনজুরির কারণে নেই তানজিম হাসান সাকিব। এছাড়া টি-টোয়েন্টি দলের অধিনায়কে পরিবর্তনও হয়েছে। ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার আগ্রহে নিজ থেকে সহ অধিনায়ক পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাইফ হাসান। তার জায়গায় সহ অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে।
টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।
বাদ: রিপন মন্ডল ও সাইফ উদ্দিন
ইনজুরি: তানজিম হাসান সাকিব
ফিরেছেন: নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ
টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, অমিত হাসান ও রবিউল হক।
বিশ্রাম: মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
নতুন মুখ: তাওহীদ হৃদয় ও রবিউল হক।
দলে ফিরেছেন: সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
ঢাকা/ইয়াসিন