খুলনা সিটি মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি এই হাসপাতালটিতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। প্রায় দেড় ঘণ্টার নিরলস চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুরো সময়জুড়ে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের বেজমেন্টে হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পরই সেখানে আগুন দেখা দেয় এবং দ্রুত ধোঁয়া ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে রোগী, স্বজন ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে পুলিশ ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে অংশ নেন। হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা আগুন লাগার পর আতঙ্কিত হয়ে বাইরে যাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকেন। এসময় হাসপাতালের বিভিন্ন তলায় রোগীর স্বজনদেরকে জানালার গ্লাস ভেঙে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক করতে দেখা যায়। ফায়ার সার্ভিসের মই দিয়ে সিঁড়ি সংলগ্ন জানালা থেকে রোগী ও স্বজনদের নামানো হয়। ১৬ তলা বিশিষ্ট হাসপাতালে জরুরি বহি:র্গমনের কোনো সিঁড়ি নেই বলে জানা গেছে।
আগুনের ঘটনার পরপরই বেশকিছু গুরুতর রোগীকে শান্তিধাম মোড়স্থ ইসলামী ব্যাংক হাসপাতাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ অন্যান্য সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়।
রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও, এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১২টা) ভবন থেকে ধোঁয়া বের হচ্ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা তখনও ডাম্পিং কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, যাতে আগুনের কোনো গোপন উৎস পুনরায় সক্রিয় হতে না পারে।
আগুন ঠিক কোন জায়গা থেকে বা কি কারণে লেগেছে তা জানা জায়নি। জেনারেটর ছাড়াও সেখানে ওই হাসপাতালের বৈদ্যুতিক সাবস্টেশন রয়েছে। সেখান থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলেও কেউ কেউ মনে করছেন।
খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ সরদার বলেন, “আমাদের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। একই সঙ্গে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”
ঢাকা/নুরুজ্জামান/ফিরোজ
যুদ্ধ শেষ, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত: ট্রাম্প