ঢাকা     শুক্রবার   ১২ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘পেদ্দি’ দেখতে জাপান থেকে ভারতে রাম চরণের দুই ভক্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ১২ জুন ২০২৬   আপডেট: ০৮:৫১, ১২ জুন ২০২৬
‘পেদ্দি’ দেখতে জাপান থেকে ভারতে রাম চরণের দুই ভক্ত

রাম চরণ অভিনীত বিতর্কিত সিনেমা ‘পেদ্দি’। প্রিয় তারকার সিনেমা দেখতে জাপান থেকে ভারতে গিয়েছেন তার দুই ভক্ত। একনিষ্ঠ দুই ভক্তের ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল।

আরো পড়ুন:

সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, রাম চরণের দুজন ভক্ত জাপান থেকে ভারতে ছুটে গিয়েছেন প্রিয় অভিনেতার নতুন সিনেমা ‘পেদ্দি’ দেখার জন্য। তাদের একজনের নাম মাসামি, অন্যজনের নাম ক্রিস। তারা দুজনেই টোকিওতে বসবাস করেন। 

অফিস থেকে পাঁচ দিনের ছুটি নিয়ে রাম চরণের ‘পেদ্দি’ দেখার জন্য হায়দরাবাদে গিয়েছেন মাসামি-ক্রিস। সিনেমাটিকে ঘিরে উৎসবমুখর যে পরিবেশ তৈরি হয়, তা উপভোগ করতে সিনেমাটি মুক্তির দুদিন আগেই হায়দরাবাদে পৌঁছান তারা। মাসামি ও ক্রিস ‘পেদ্দি’ সিনেমা একাধিকবার দেখেছেন। ভারতে থাকাকালীন এটি দশবার দেখার পরিকল্পনা করেছেন তারা। 

রাম চরণের দুই ভক্তের ভিডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এসব ভিডিওতে বাধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাদের। এমনকি, ‘পেদ্দি’ সিনেমার জনপ্রিয় ট্রাক তাদের গাইতেও দেখা যায়।   

বছরের পর বছর ধরে জাপানে রাম চরণের ভক্তসংখ্যা ক্রমাগত বাড়ছে। ‘মাগাধীরা’ সিনেমার মাধ্যমে তার জনপ্রিয়তায় প্রথম গতি পায়, যা দেশটিতে একনিষ্ঠ দর্শকগোষ্ঠী তৈরি করেছিল। পরবর্তীতে ‘রাঙ্গাস্থালাম’, গ্লোবাল ব্লকবাস্টার ‘ট্রিপল আর’ সিনেমার মাধ্যমে জাপানি চলচ্চিত্রপ্রেমীদের সঙ্গে রাম চরণের সঙ্গে সম্পর্ক দৃঢ় হয়। তবে এবারই প্রথম নয়, এর আগেও জাপান থেকে বহু ভক্ত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে এবং রাম চরণের সঙ্গে দেখা করতে ভারতে গিয়েছেন।

স্পোর্টস-ড্রামা ঘরানার ‘পেদ্দি’ সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এটি পরিচালনা করছেন বুচি বাবু সানা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত ৪ জুন বিশ্বের ৩ হাজার ৭০০ পর্দায় মুক্তি পায় এটি।

স্পোর্টস-অ্যাকশনধর্মী সিনেমাটি নিয়ে মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। মুক্তির পর জাহ্নবী কাপুরের চরিত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তার অভিনীত চরিত্রকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র বিতর্ক। এরই মধ্যে জাহ্নবীর ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার পর তা বিতর্কের আগুনে ঘি হিসেবে কাজ করছে। বিতর্ক মাথায় নিয়েও বক্স অফিসে সাড়া ফেলেছে এটি।

আশির দশকে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে গড়ে উঠেছে ‘পেদ্দি’ সিনেমার কাহিনি। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। শক্তিশালী এক শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য খেলাধুলার মাধ্যমে গ্রামের মানুষদের একত্রিত করেন তিনি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ২৫০-৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—শিবা রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু শর্মা প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়