ময়মনসিংহ সীমান্তে পুশইন ঠেকাতে জনগণের রাত জেগে পাহারা
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জনগণ রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে।
ময়মনসিংহ জেলার হালুয়ায়াট, ধোবাউড়া উপজেলা ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। বিজিবিকে সহায়তা করতে গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী জনসাধারণ ও সকল দলের রাজনৈতিক নেতাদের সহায়তা চেয়েছে স্থানীয় প্রশাসন।
বুধবার (১০ জুন) দেশব্যাপী সীমান্তে উত্তেজনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া উপজেলার এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে রাতভর স্থানীয় লোকজনকে লাঠিসোঁঠা নিয়ে পাহারা দিতে দেখা যায়। সীমান্ত এলাকার লোকজন পালা করে দিন-রাত পাহারা দিচ্ছে। এলাকাবাসির দাবি, একজন ভারতীয়কে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। প্রয়োজনে তারা বিএসএফকে প্রতিহত করবেন।
হালুয়াঘাট সীমান্ত এলাকা বাসিন্দা আবুল কালাম বলেন, ‘‘আমরা দুই শিফটে দিন-রাত বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছি। একজন ভারতের নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেবো না।’’
আরেক বাসিন্দা রাসেল মিয়া বলেন, ‘‘আমরা বাংলাদেশে ১৮ কোটি মানুষ। প্রয়োজনে আমরা সীমান্ত পাহারা দেবো। কিন্তু কোনো পুশইন করতে দেবো না।’’
বুধবার (১০ জুন) বিকালে ধোবাউড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সীমান্তে পুশইন প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। সভায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সম্ভাবনা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন, ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পাঁচ কর্মকর্তা, উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, গণঅধিকার পরিষদের সভাপতি জিন্নত আলী প্রমুখ।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘‘সীমান্তে অবৈধ পুশইন ঠেকাতে সমাজের সকল শ্রেণিপেশার মানুষ নিয়ে উপজেলা প্রশাসনের কার্যালয়ে মতবিবিনিময় সভা করেছি। সীমান্তে পুশইন ঠেকাতে গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, ‘‘সীমান্তে পুশইন ঠেকানো একা বিজিবির পক্ষে সম্ভব না। সীমান্তে স্থানীয় জনগণ যারা আছে, তারা যেন বিজিবিকে সহযোগিতা করে এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন আছে, তাদেরও বিষয়টি অবগত করা হয়েছে। তারাও যেন সীমান্তে বিজিবিকে সহায়তা করে।’’
তিনি আরো জানান, বিজিবির পক্ষ থেকে আনসার চাওয়া হয়েছে, যা আজকালের মাঝে সীমান্তে মোতায়েন করা হবে। সর্বোপরি সকলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাই যেন এই বিষয়ে একে-অপরকে সহযোগিতা করি।
ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়োজিদ বলেন, ‘‘পুশইন ঠেকাতে সীমান্তের কিছু এলাকায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছে। সীমান্তে আরো গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হবে। সীমান্তবর্তী জনসাধারণ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। তারা যেন নিয়মিত সীমান্তের খোঁজখবর রাখেন।’’
ঢাকা/মিলন/বকুল
২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী