ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইমরান হাশমির শুটিং সেট নিয়ে আপত্তি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ১১ জুন ২০২৬   আপডেট: ২০:৩৫, ১১ জুন ২০২৬
ইমরান হাশমির শুটিং সেট নিয়ে আপত্তি

ইমরান হাশমি

হরিদ্বারে অভিনেতা ইমরান হাশমির একটি সিনেমার শুটিং ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। শুটিংয়ের জন্য তৈরি করা একটি সেটে ‘ক্যাফে অ্যান্ড বার’ লেখা সাইনবোর্ড লাগানো হলে স্থানীয়দের একাংশ আপত্তি জানান।

আরো পড়ুন:

ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি সিনেমার শুটিং চলছিল। সিনেমাটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। শুটিং সেটের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

শুটিংয়ের জন্য একটি রেস্তোরাঁর আদলে অস্থায়ী সেট তৈরি করা হয়েছিল। সেখানে ‘ক্যাফে অ্যান্ড বার’ লেখা একটি সাইনবোর্ড ছিল। এই বোর্ড নিয়েই আপত্তি তোলেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

স্থানীয়দের দাবি, হরিদ্বার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান। এমন একটি শহরে ‘বার’ শব্দ ব্যবহার করা শহরের ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ নিয়ে পরে স্থানীয়দের সঙ্গে শুটিং ইউনিটের সদস্যদের তর্ক-বিতর্কও হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মী ও প্রযোজনা দলের সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।

তবে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে ইমরান হাশমিকে দেখা যায়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

এদিকে উত্তরাখণ্ডে ভক্তদের সঙ্গে ইমরানের কিছু ভিডিওও প্রকাশ্যে এসেছে, যা থেকে নিশ্চিত হওয়া গেছে তিনি বর্তমানে সেখানে শুটিং করছেন। তবে হরিদ্বারে কোন প্রকল্পের কাজ চলছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বর্তমানে ইমরান হাশমির হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে ২০০৭ সালের জনপ্রিয় সিনেমার সিক্যুয়েল ‘আওয়ারাপন টু’ এবং তেলুগু স্পাই থ্রিলার ‘জি টু’।

কয়েক দিন আগে ‘আওয়ারাপন টু’-এর নির্মাতারা জানান, সিনেমাটির শুটিং শেষ হয়েছে। ফলে ইমরান বর্তমানে ‘জি টু’ নাকি অন্য কোনো নতুন প্রকল্পের কাজ করছেন, তা এখনো স্পষ্ট নয়।

সবশেষে ইমরানকে নেটফ্লিক্সের তাসকারি-তে দেখা গেছে। সামনে তার আওয়ারাপন টু’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

তবে, এ বিতর্ক নিয়ে ইমরান হাশমিকে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

ঢাকা/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়