ইসির জন্য বাজেটে ৪,৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়নের অংশ হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ৪ হাজার ৪০০ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে ভোটার তালিকা আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর নির্বাচন ব্যবস্থাপনা ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বরাদ্দের প্রস্তাব উপস্থাপন করেন।
প্রস্তাবিত বরাদ্দের মধ্যে নির্বাচন পরিচালনা খাতে ৩ হাজার ৬৪৩ কোটি ৩৪ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৭৫৭ কোটি ৪৫ লাখ টাকা রাখা হয়েছে।
বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে, নির্বাচন কমিশনের মূল দায়িত্বের মধ্যে রয়েছে জাতীয় সংসদ, রাষ্ট্রপতি ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজন, নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদ, এনআইডি সেবা প্রদান, নির্বাচনি সীমানা নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন এবং নির্বাচনি ট্রাইব্যুনাল পরিচালনা।
এছাড়া নির্বাচন-সংক্রান্ত ডাটাবেজ ব্যবস্থাপনা, ডাটা সেন্টার রক্ষণাবেক্ষণ এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয়ও ইসির দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত।
সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে চারটি কর্মসূচিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
১. সুষ্ঠু নির্বাচন পরিচালনা: সংবিধান অনুযায়ী সময়মতো জাতীয় সংসদ, উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
২. ভোটার তালিকা ও বায়োমেট্রিক ডাটা: নতুন ভোটার অন্তর্ভুক্তি, বাদ পড়াদের যুক্ত করা এবং আইরিস, ফিঙ্গারপ্রিন্ট ও ডিজিটাল স্বাক্ষরসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ অব্যাহত থাকবে।
৩. তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি: নিজস্ব সার্ভার ও ডাটা সেন্টার, নিরাপদ ভিপিএন নেটওয়ার্ক, আধুনিক সফটওয়্যার-হার্ডওয়্যার এবং পোস্টাল ব্যালট ব্যবস্থার প্রযুক্তিগত উন্নয়ন চালু থাকবে।
৪. জনসচেতনতা কার্যক্রম: নির্বাচন ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে সেমিনার, ওয়ার্কশপ ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হবে।
বাজেট প্রস্তাবে বলা হয়েছে, এসব উদ্যোগের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে আরও আধুনিক, নির্ভুল ও স্বচ্ছ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
ঢাকা/এমএসবি//