ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাদ্রাসাছাত্রকে বলাৎকারে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যার চেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ১১ জুন ২০২৬  
মাদ্রাসাছাত্রকে বলাৎকারে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যার চেষ্টা

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় এক মাদ্রাসাছাত্রকে (১৪) বলাৎকারে ব্যর্থ হয়ে তাকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে টংগিবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের পশ্চিম সোনারং এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক পলাতক আছেন।

অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. লোকমান হোসেন (২৬) ভোলার চরফ্যাশন উপজেলার চর শশীভূষণ এলাকার বাসিন্দা।

লোকমান হোসেন মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সোনারং পুরাতন জামে মসজিদের ইমাম এবং একই এলাকার খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত। ভুক্তভোগী কিশোর ওই মাদ্রাসারই ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার পশ্চিম সোনারং এলাকার একটি নির্জন স্থানে ওই ছাত্রকে বলাৎকারের চেষ্টা করেন শিক্ষক লোকমান হোসেন। ছাত্রটি এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে লোকমান হোসেন সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় আঘাত করেন। এ সময় ছাত্রটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে সে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে।

ঢাকা/রতন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়