সুদ পরিশোধে বরাদ্দ ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঋণের সুদ পরিশোধ বাবদ ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের ১৩ দশমিক ৬০ শতাংশ।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, “আগামী অর্থবছরে অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৫ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণের সুদ পরিশোধে ব্যয় ধরা হয়েছে ২২ হাজার ৫০০ কোটি টাকা।”
তিনি জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে অভ্যন্তরীণ ঋণের সুদ ব্যয় ১ লাখ কোটি টাকা নির্ধারণ করা হলেও সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ১ লাখ ৫ হাজার কোটি টাকা করা হয়েছে। অন্যদিকে বিদেশি ঋণের সুদ ব্যয় ২২ হাজার কোটি টাকা ধরা হয়েছিল, যা সংশোধিত বাজেটেও অপরিবর্তিত রাখা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে ঋণ গ্রহণের পরিকল্পনা করেছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন,“উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা, সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ এবং অর্থনীতির গতি সচল রাখতে প্রয়োজনীয় অর্থায়নের জন্য ঋণ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হবে।”
ঢাকা/নজরুল/সাইফ